জেল সুপারসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জাকির হোসেন (৩০) নামের এক কয়েদিকে হত্যার অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া, তৎকালীন কারাধ্যক্ষ নেছার আলমসহ নয়জনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
গতকাল সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন এবং নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তে কয়েদি জাকির আত্মহত্যা করেছেন বলে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়। এই প্রতিবেদনের বিরুদ্ধে মামলার বাদী নারাজি আবেদন দেওয়ার সময়ের আবেদন করলেও নারাজি আবেদন না করায় আদালত মামলাটি খারিজ করে দেন।
১৪ বছরের সাজাপ্রাপ্ত জাকির হোসেন গত ৩ জুন রাতে কারা হাসপাতালের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।