জেলখানার বিড়ালগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারের বাসিন্দা বিড়ালগুলো অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে l প্রথম আলে​া
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারের বাসিন্দা বিড়ালগুলো অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে l প্রথম আলে​া

বন্দীরা সবাই চলে গেছেন কেরানীগঞ্জে চকচকে নতুন কারাগারে। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের উঁচু পাঁচিলঘেরা পুরোনো কারাগার এখন পরিত্যক্ত, খাঁ খাঁ। জোরে হাঁক দিলে ২০০ বছরের পুরোনো দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি ওঠে।
এই গা-ছমছমে শূন্যতায় ঘুরে বেড়াচ্ছে ৫০ থেকে ৬০টি বিড়াল। তাদের কথা কেউ ভাবেনি। কেউ তাদের নিয়ে যায়নি।
কারাগার সূত্র বলছে, এক হিসাবে বিড়ালগুলোও কারাগারের স্থায়ী বাসিন্দা। বন্দীদের দেওয়া উচ্ছিষ্ট খেয়ে আয়েশে দিন চলে যেত এদের। এখন তাদের বড় দুর্দিন।
পুরান ঢাকার বাসিন্দা আব্দুল হক বলেন, কারাগার বদল হলো। কিন্তু বিড়ালগুলোর কথা কেউ মনে রাখল না। খেতে না পেরে বিড়ালগুলো দুর্বল হয়ে পড়েছে। তাদের কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়।
কেরানীগঞ্জের নতুন কারাগার এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বন্দী বলেন, দুপুরে তিনি যখন খাবার খেতে বসতেন, তখন ধবধবে সাদা রঙের একটি বিড়াল রোজ তাঁর সামনে আসত। তিনি খেতে দিতেন। কেরানীগঞ্জে কারাগারে আসার পর বিড়ালটির কথা তাঁর খুব মনে পড়ছে।
বন্দী স্থানান্তরের পর পুরান ঢাকার পরিত্যক্ত কারাগার ভবন পাহারার দায়িত্ব পালন করছেন কারারক্ষী আতাউর রহমান। গত শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, ‘খাবার না পাওয়ার পরও কয়েক দিন ধরে বিড়ালগুলো কারাগারের ভেতরে ছিল। কিন্তু এক সপ্তাহ পর থেকেই খেয়াল করছি, বিড়ালগুলো ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। যেগুলো আছে, সেগুলো নানা প্রকার পোকামাকড়ের পেছনে ছুটছে।’ গত শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে দেখা যায়, প্রধান ফটক দিয়ে তিনটি বিড়াল বেরিয়ে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন কারারক্ষী বলেন, ‘বিড়ালগুলোর জন্য খারাপ লাগে। এগুলোর চেহারা কেমন যেন মলিন হয়ে গেছে।’
বিড়ালগুলো ফেলে রেখে গেলেও তাদের কথা ভুলতে পারেননি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবীর। তিনি প্রথম আলোকে বলেন, বিড়ালগুলোর জন্য খারাপ লাগে। ওগুলো উচ্ছিষ্ট খেয়ে বাঁচত। অনেক বন্দীও বিড়াল পুষত। তারাও খাবার খেতে দিত।
এই কর্মকর্তা আরও বলেন, ‘খবর পেলাম, অনেক বিড়াল কারাগারের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। সেগুলো আশপাশের বাড়িঘরে আশ্রয় নিচ্ছে।’
কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) গোলাম হায়দার প্রথম আলোকে বলেন, বিড়ালগুলোর কী অবস্থা, তাঁর জানা নেই। তবে সেগুলোর জন্য তাঁর মনও কাঁদে।