জেলখানায় বসে পরিকল্পনা জামিন নিয়ে ডাকাতি!
ডাকাতির পরিকল্পনা হয় জেলখানায় বসে। জামিনে মুক্তি পেয়েই ডাকাতি শুরু করেন তাঁরা। চাঞ্চল্যকর এমন স্বীকারোক্তি দেওয়া ‘ডাকাত’ দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। ১৫ আগস্টের একটি ডাকাতির ঘটনার সূত্র ধরে র্যাব সিলেট নগরের কদমতলী এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ডাকাতির মালামালও উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন হবিগঞ্জের উচাউল গ্রামের বাহার উদ্দিন (২৪), মাধবপুরের কুরাইকুলা গ্রামের লাউস মিয়া (২৬) ও সিলেট সদর উপজেলার কদমতলীর মো. রাজু মিয়া (২০)। এঁদের গতকাল বিশ্বনাথ থানায় সোপর্দ করা হয়েছে। র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ আগস্ট সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামে আবদুল মালেকের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় বিশ্বনাথ থানায় ডাকাতির মামলা (নম্বর ১৩, ধারা ৩৯৫/৩৯৭) হয়। মামলায় অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে র্যাবের একটি গোয়েন্দা দল ঘটনার পর থেকে তৎপরতা চালিয়ে আসছিল। র্যাবের গোয়েন্দা দল তথ্য পায়, ডাকাতি করার লক্ষ্যে কয়েকজন ডাকাত সিলেট শহরের কদমতলী হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অবস্থান করছে। র্যাবের একটি দল হুমায়ুন রশিদ চত্বর এলাকার সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে থেকে তিনজনকে আটক ও ডাকাতির মালামালের মধ্যে ১৫ আগস্ট ডাকাতি করে নিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করতে সক্ষম হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে ওই তিনজন স্বীকার করেন, হবিগঞ্জ কারাগারে আটক থাকা অবস্থায় তাঁরা ডাকাতির পরিকল্পনা করেন। কারাগার থেকে জামিনে বের হয়ে সবাই একত্রিত হন এবং নতুন সদস্য সংগ্রহ করে ‘ডাকাত’ দলকে শক্তিশালী করে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি শুরু করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদে তাঁরা বিশ্বনাথ থানা এলাকায় ডাকাতির ঘটনাটি আরও ছয়-সাতজন নিয়ে ঘটিয়েছেন বলে স্বীকার করেন।