জেলগেটে নূর হোসেনের সহযোগী আলীকে জিজ্ঞাসাবাদ
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদকে জেলগেটে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।
আজ মঙ্গলবার বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দুই ঘণ্টা নারায়ণগঞ্জ জেলা কারাগারে আলী মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে তদন্ত কমিটি তাঁকে জিজ্ঞাসাবাদ করে।
জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেলার ফোরকান ওয়াহিদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির প্রধান মো. শাহজাহান আলী মোল্লা জানান, সাত খুনের ঘটনা একটি জটিল মামলা। একেকজনকে জিজ্ঞাসাবাদকালে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে তদন্ত শেষ করতে আরও বেশ সময় প্রয়োজন। তদন্তে অনেকটা অগ্রগতি হয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান বলেন, আলী মোহাম্মদ এই ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ঘটনা সম্পর্কে তাঁর কী সম্পৃক্ততা ছিল, সেই সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় র্যাবের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ১৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আলী মোহাম্মদকে গ্রেপ্তার করে। তিনি নূর হোসেনের ক্যাশিয়ার ছিলেন। এ ছাড়া তিনি নূর হোসেনের মাদক, পরিবহন চাঁদাবাজি, ফুটপাতের চাঁদাবাজি, খুন, অপহরণসহ বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন।