চট্টগ্রামে জাকির হোসেন (৩০) নামের এক কয়েদিকে হত্যার অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া, কারাধ্যক্ষ নেছার আলমসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন নিহতের ছোট ভাই এয়াকুব কায়সার। আদালত মামলাটি আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে তদন্তের নির্দেশ দেন।
মামলায় অভিযুক্ত বাকিরা হলেন কারা হাসপাতালের চিকিৎসক মোস্তাফিজুর রহমান, সুবেদার আনজু মিয়া ও হুমায়ুন কবির, প্রধান কারারক্ষী মোহাম্মদ হাসান ও আবদুর রশিদ, কারারক্ষী আলমগীর ও জিয়াবুল ইসলাম। এ ছাড়া ঘটনার দিন দায়িত্বরত উপ-কারাধ্যক্ষ, সুবেদার ও অজ্ঞাত পরিচয় কারারক্ষীদের আসামি করা হয়।
বাদী মামলার আরজিতে উল্লেখ করেন, ঘটনার কয়েক দিন আগে তাঁর ভাইয়ের সঙ্গে কারাগারের সাক্ষাৎকক্ষে দেখা করেছেন পরিবারের সদস্যরা। সেই সময় তিনি সুস্থ ছিলেন। জাকির সব সময় হাসিখুশি থাকতেন। তিনি আত্মহত্যা করতে পারেন না। তাঁকে কারাগারে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কারাগার থেকে আদালতে আসামি আনা-নেওয়ার কাজ দেখাশোনা করতেন জাকির। ভাগ-বাঁটোয়ারা নিয়ে আসামিরা জাকিরকে সরিয়ে তাদের পছন্দসই কয়েদিকে দায়িত্বে বসাতে চান। এর প্রতিবাদ করায় তাঁকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। মামলায় তিনজনকে সাক্ষী রাখা হয়েছে।
১৪ বছরের সাজাপ্রাপ্ত জাকির হোসেন গত মঙ্গলবার রাতে কারা হাসপাতালের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুই কারারক্ষী আলমগীর ও জিয়াবুল ইসলামকে সাময়িক বরখাস্ত, দুই প্রধান কারারক্ষী আবদুর রশিদ ও মোহাম্মদ হাসানের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ। এ ছাড়া সুবেদার আনজু মিয়া ও হুমায়ুন করিবকে গত বৃহস্পতিবার তাৎক্ষণিক বদলির আদেশ দেন মহা কারাপরিদর্শক।
এদিকে ঘটনার তদন্তে ঘটিত তদন্ত কমিটির তদন্ত অব্যাহত আছে। জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, ‘দুটি তদন্ত কমিটির তদন্ত অব্যাহত রয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে আমরা খতিয়ে দেখছি।’
তদন্ত কমিটির প্রতিবেদন : তদন্ত কমিটির প্রতিবেদনে জাকির হোসেনের মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করা হয়েছে৷ এ ছাড়া কারারক্ষীদের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে৷ তবে কারা কর্মকর্তাদের গাফিলতির কোনো প্রমাণ পাওয়া যায়নি৷ কারাগারের শৃঙ্খলা বজায় রাখতে কয়েকটি সুপারিশ করে তদন্ত কমিটি। গতকাল রোববার মহাকারা পরিদর্শক বরাবরে তদন্ত প্রতিবেদনটি পাঠান তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপমহাকারা পরিদর্শক অসীম কান্ত পাল।
উপমহাকারা পরিদর্শক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘হতাশা ও পারিবারিক অশান্তির কারণে কয়েদি জাকির আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তদন্ত কমিটি৷ কারা কর্মকর্তা, কারারক্ষী, হাজতি কয়েদিসহ ১৯ জনের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি৷ তদন্তে জাকির প্রেম করে বিয়ে করার কারণে শ্বশুর তাঁর বিরুদ্ধে অপহরণ মামলা করেন৷ এ মামলায় ১৪ বছরের সাজা ভোগ করেন তিনি। এসব কারণে আত্মহত্যা করতে পারেন৷’