জেলহত্যা দিবস আজ

আজ ৩ নভেম্বর। জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। এটি জাতির ইতিহাসে একটি কলঙ্কময় ও বেদনাবিধুর দিন।
প্রতিবছর এ দিনটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নির্মম এই ঘটনার আগে একই বছরের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।
জাতীয় চার নেতাকে হত্যার পরদিন ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রিসালদার মোসলেহ উদ্দিনের নাম উল্লেখ করে বলা হয়, তার নেতৃত্বে চার-পাঁচজন সেনাসদস্য কারাগারে ঢুকে চার নেতাকে হত্যা করে। প্রথমে গুলি করে, পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাঁদের মৃত্যু নিশ্চিত করে ঘাতকেরা।
দীর্ঘদিন পর ২০০৪ সালের ২০ অক্টোবর চার নেতা হত্যা মামলার রায় ঘোষণা করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। রায়ে পলাতক আসামি রিসালদার মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে খালাস দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্টের দেওয়া রায়ে দুই আসামি মারফত আলী ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। গত বছর এপ্রিলে আপিল বিভাগের রায়ে বিচারিক আদালতে দেওয়া ওই দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন।
জেলহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদাভাবে বাণী দিয়েছেন। তাঁরা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
দিবসের কর্মসূচি: দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে। আজ বেলা তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে আরও রয়েছে সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ। সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সাড়ে সাতটায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ ও জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত। একই সময়ে রাজশাহীতে এ এইচ এম কামরুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে দলের সব নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জেলহত্যা দিবসের কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানিয়েছেন।
গণফোরাম আজ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করবে।