জেলহত্যা দিবস আজ
আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে আরেকটি শোকাবহ ও কলঙ্কময় ঘটনা ঘটেছিল ১৯৭৫ সালের এই দিনে। এ দিন ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘাতক চক্র হত্যা করেছিল মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সংগঠক জাতীয় চার নেতাকে।কারাগারে বন্দী অবস্থায় নৃশংস ও বর্বর হত্যাকাণ্ডের শিকার জাতীয় এই চার নেতা হলেন: স্বাধীন বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান। কারাগারের মতো সুরক্ষিত স্থানে এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। জেলখানায় চার নেতাকে হত্যার ঘটনায় করা মামলার বিচার এখনো শেষ হয়নি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত বৃহস্পতিবার আপিলের সারসংক্ষেপ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছে।প্রতিবছরের মতো আজ শনিবারও জাতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জাতীয় চার নেতাকে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।কর্মসূচি: জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আজ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে: ভোর সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র সংগঠনের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ; সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ; সকাল সাড়ে সাতটায় বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ও ৩ নভেম্বর নিহত জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত। বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল শুক্রবার এক বিবৃতিতে জেলহত্যা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি পালনের জন্য দল ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।দিবসটি উপলক্ষে গণফোরাম বিকেল পাঁচটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকাল আটটায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবে। সকালে পুরানা পল্টনে মুক্তিভবনে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় গণতান্ত্রিক লীগ। জনতার প্রত্যাশা নামের একটি সংগঠন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করবে।আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, চেতনায় ৭১ ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল জেলহত্যা দিবসে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।এদিকে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামের একটি সংগঠন গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জেলখানায় চার নেতাকে হত্যা, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রের রাজনীতি: আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।