জেলহত্যা দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও মোহাম্মদ কামারুজ্জামানকে হত্যা করা হয়।
আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর—
বরিশাল: বরিশালে জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথকভাবে জাতীয় চার নেতা হত্যা দিবস পালন করে। গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে আটটায় সোহেল চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা এবং জেলা আওয়ামী লীগের নেতারা জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।
এরপর সকাল নয়টায় সাংসদ জেবুন্নেছা আফরোজ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিমের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধা জানায়। এ ছাড়া জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বেলা তিনটায় জেলা আওয়ামী লীগ এবং সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগ পৃথক আলোচনা সভার আয়োজন করে।
রাজবাড়ী: রাজবাড়ীতে দিবসটি পালন উপলক্ষে কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর কার্যালয়ের সামনের স্থায়ী মঞ্চে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী।