জেলহত্যা মামলায় আপিল শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। আপিলের অনুমতি পাওয়ার প্রায় দুই বছরের মাথায় শুনানি শুরু হলো।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ আংশিক শুনানি গ্রহণ করে ২২ জানুয়ারি পর্যন্ত তা মুলতবি করেন। গত ১২ ডিসেম্বর আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছিলেন। আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক শুনানি করেন। আসামিপক্ষে নিয়োজিত আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের সাত সাক্ষীর বক্তব্য তুলে ধরে আইনজীবী আনিসুল হক বলেন, সাক্ষীদের বক্তব্যে এসেছে, তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ সে সময়কার কারা মহাপরিদর্শককে ফোনে বলেছেন, মোসলেহ উদ্দিনসহ যে কজন গেছে, তাদের কাজ করতে দাও। এ সময় কারা মহাপরিদর্শক রাষ্ট্রপতিকে বলেন, তারা জাতীয় চার নেতাকে হত্যা করতে চায়। জবাবে রাষ্ট্রপতি বলেন, করতে দাও। এর আগে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম হাইকোর্টের রায়ের ‘অসঙ্গতি’ উল্লেখ করে বলেন, বলা হয়েছে, ৩ নভেম্বর সামরিক অভ্যুত্থান হয়েছে। তাই বঙ্গভবন থেকে বের হওয়া প্রায় অসম্ভব। টেলিফোন সংযোগ কাটা ছিল, তাই কথোপকথনের সুযোগ ছিল না। এ তথ্য বিভ্রান্তিকর। রাষ্ট্রপক্ষের সাত সাক্ষী হলেন: তৎকালীন ডিআইজি প্রিজন কাজী আব্দুল আউয়াল (মামলার বাদী), জেলার মো. আমিনুর রহমান, আইজি প্রিজন এ টি এম নুরুজ্জামান, কারাগারের নিরাপত্তা প্রহরী মহব্বত আলী, আলাউদ্দিন শিকদার ও মো. ইসমাইল হোসেন এবং ডেপুটি জেলার মোহাম্মদ আব্দুর রউফ। পরে আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের রায় পক্ষপাতদুষ্ট ও ন্যায়বিচারের পরিপন্থী। কারণ, হাইকোর্ট একজনকে ছাড়া বাকি সব আসামিকে খালাস দিয়েছেন।’ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় তাঁর চার ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। এর পরদিন লালবাগ থানায় একটি হত্যা মামলা করা হলেও দীর্ঘদিন তাতে কোনো অগ্রগতি হয়নি। বিলম্বিত বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল রাখা হয় রিসালদার মোসলেহ উদ্দিনের। এ ছাড়া চারজন যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি পান। অন্য আট আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল থাকে। এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে পৃথক লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। জেলহত্যা মামলায় হাইকোর্টে অব্যাহতি পাওয়া চারজন: সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।