জেলহত্যাসহ সব হত্যার বিচার করে দায়মুক্ত হবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, জেলহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে দায়মুক্ত হবে সরকার। এর মাধ্যমে দেশকেও শত্রুমুক্ত করা হবে। জাতীয় জাদুঘর মিলনায়তনে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গতকাল সোমবার সাজেদা চৌধুরী এসব কথা বলেন। শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ এই আলোচনা সভার আয়োজন করে।দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সাজেদা চৌধুরী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যারা লুটপাট, অগ্নিসংযোগ ও নারী ধর্ষণ করেছে, তাদের তালিকা করুন। শত্রুদের ধরিয়ে দিন।’ জাতীয় চার নেতা ও তাঁদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ স্রোতস্বিনী নদী, যা বয়ে যায় আর ইতিহাস রেখে যায়।’আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ এবং যারা দেশকে পেছনের দিকে টেনে নিয়ে যেতে চায়, তাদের অন্যতম টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরও শেখ হাসিনা ভীত নন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি দ্বিধা ও সংশয়হীনভাবে কাজ করে যাচ্ছেন।সভাপতির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আমার অহংকার আমি মনসুর আলীর সন্তান। আমার পরিবার কখনো বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেঈমানি করবে না।’ তিনি বলেন, ঘাতকদের বুলেট সব সময় শেখ হাসিনাকে তাড়া করে ফিরছে। আওয়ামী লীগ ও মহাজোটের নেতা-কর্মীরা তাঁকে রক্ষা করবেন।জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিশ্বমোড়লেরা যত দিন নিয়ন্ত্রণ করবে, তত দিন দেশে মারামারি-হানাহানি বন্ধ হবে না। মানুষের ভাগ্যের বদল হবে না। তিনি বলেন, ‘আমাদের ভাগ্য আমাদেরকেই গড়তে দিন। পারলে পেছন থেকে সহযোগিতা করুন, না পারলে ক্ষমা চেয়ে চলে যান। এ দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবেন না।’জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেন, মহাজোট সরকারের দুই বছরের সাফল্যের ধারাকে এগিয়ে নিতে হবে। হোঁচট খাওয়ার কোনো সুযোগ নেই।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যেতে যতটা কঠোর হওয়ার প্রয়োজন, তা হতে হবে সরকারকে। এ ক্ষেত্রে রাজনৈতিক আপসের কোনো সুযোগ নেই।আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।