জেলহাজতে নেওয়ার পথে স্কুলশিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে জেলহাজতে নেওয়ার পথে মারা গেছেন ঢাকার আশুলিয়ার দরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. চান মিয়া (৫৫)। স্কুলে যাওয়ার পথে গতকাল সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একটি সাজানো মামলায় গ্রেপ্তারের সময় পুলিশ ও বাদীপক্ষের লোকজনের নির্যাতনের কারণেই চান মিয়া মারা গেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আশুলিয়া থানার পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জমি নিয়ে আশুলিয়ার বাইদগাঁও গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক চান মিয়ার সঙ্গে একই গ্রামের হাফিজ উদ্দিন মুন্সির বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষ থেকে দায়ের করা একাধিক মামলা আদালতে বিচারাধীন। এ বিরোধের জের ধরে হাফিজ উদ্দিন তাঁর বাড়ির ভাড়াটে এক পোশাকশ্রমিককে বাদী করে ২ অক্টোবর চান মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে গণধর্ষণের একটি অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তা মামলা হিসেবে গণ্য করার জন্য আশুলিয়া থানাকে নির্দেশ দেন। আশুলিয়া থানা গত রোববার মামলা নেয়। গতকাল সকালে চান মিয়াকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতের নির্দেশে জেলহাজতে নেওয়ার পথে গতকাল সন্ধ্যায় তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, স্কুলে যাওয়ার পথে গতকাল সকালে বাইদগাঁও বাজার থেকে কবিরপুর পুলিশ ফাঁড়ির সুবেদার আবুল কালাম আজাদ পুলিশ নিয়ে গিয়ে চান মিয়াকে গ্রেপ্তার করেন। এ সময় পুলিশ ও বাদীর লোকজন মিলে চান মিয়াকে বেদম মারধর করেন।চান মিয়ার ছেলে শওকত হোসেন অভিযোগ করেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁর বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। আদালত অভিযোগটি তদন্ত করে সত্যতা যাচাইয়ের ব্যবস্থা না করে মামলা গ্রহণের নির্দেশ দেন। থানা তড়িঘড়ি মামলা গ্রহণ করে আসামি ধরতে ব্যস্ত হয়ে পড়ে। শুধু তা-ই নয়, গ্রেপ্তারের নামে পুলিশ ও বাদীপক্ষের লোকজন তাঁর বাবার ওপর বর্বর নির্যাতন চালান।শওকত হোসেন জানান, নির্যাতনের পর তাঁর বাবা ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন। থানায় নেওয়ার পর তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত আদালতে পাঠিয়ে দেওয়া হয়। যোগাযোগ করা হলে কবিরপুর পুলিশ ফাঁড়ির সুবেদার আবুল কালাম আজাদ চান মিয়াকে গ্রেপ্তার ও নির্যাতন করার কথা অস্বীকার করে করে জানান, তাঁকে গ্রেপ্তার করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। এসআই মনিরুজ্জামানও চান মিয়াকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেন।আশুলিয়া থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল চান মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীপক্ষের লোকজন চান মিয়াকে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেন। সম্ভবত ওই মারধরে অসুস্থ হয়ে আদালত থেকে জেলহাজতে নেওয়ার পথে তিনি মারা যান।