জেলা আ.লীগের প্রচার সম্পাদককে বহিষ্কার
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনোয়ার কামালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজাল এ তথ্য নিশ্চিত করেছেন।
এম এ আফজাল জানান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস ছোবান স্বাক্ষরিত এক চিঠিতে আনোয়ার কামালকে বহিষ্কারের কথা জানানো হয়। দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি জানান, আওয়ামী লীগ সদর উপজেলা নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে কোনো নেতার অবস্থান মানা হবে না।
তবে আনোয়ার কামাল দাবি করেন, ‘দলের গঠনতন্ত্র অমান্য করে আমাকে সম্পূর্ণ অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে। এ অন্যায় আচরণের সমুচিত জবাব ভোটাররা ১৫ মার্চের নির্বাচনেই দেবেন।’
এদিকে ৪৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত আনোয়ার কামালকে বহিষ্কারের খবরে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ সাদী বলেন, উপজেলা নির্বাচনে দলের স্বার্থে কেন্দ্রীয় কমিটি আনোয়ার কামালকে বহিষ্কার করেছে।
জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লুৎফুল আরেফিন বলেন, ৪৫ বছর আনোয়ার কামাল আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করেছেন। তাঁকে বহিষ্কার করা ঠিক হয়নি।