চট্টগ্রামে আদালত ভবন ও এজলাসে ভাঙচুর এবং মামলার নথি তছনছের ঘটনার তদন্ত শুরু করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার থেকে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী। ভাঙচুরের ঘটনায় কিছু আইনজীবী জড়িত।
গতকাল বিকেলে নিজ কার্যালয়ে কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনার তদন্তে আলাদা কোনো কমিটি গঠন করা হয়নি। সমিতির সদস্যরাই তদন্ত করছেন। তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন তাঁরা।
১৮ জানুয়ারি বিকেলে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে করা মামলায় এক আইনজীবী ও তাঁর স্ত্রীর জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর বিক্ষুব্ধ আইনজীবীরা এজলাসে ভাঙচুর, মামলার নথি তছনছ ও বিচারকের খাসকামরার বাইরের জানালার কাচ ভাঙচুর করেন। পরে সন্ধ্যায় আদালত জামিন মঞ্জুর করলে আইনজীবীরা সরে যান।
এ ঘটনার পরদিন প্রধান বিচারপতির নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ভাঙচুরের ঘটনায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট থেকে বাংলাদেশ বার কাউন্সিলকে চিঠি দেওয়া হয়। সর্বশেষ গত মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বর্তমান নেতাদের মতবিনিময় সভায় এজলাস কক্ষে সংঘটিত ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও নিন্দনীয় বলে মতপ্রকাশ করা হয়। এ ঘটনা কী জন্য ঘটেছে, কারা এর জন্য দায়ী, তা উদ্ঘাটনের জন্য আইনজীবী সমিতি তদন্ত করার সিদ্ধান্ত নেয়।