জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠান নিয়ে এবারও বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১১-১২ বর্ষের কার্যকরী কমিটির অভিষেক ও বা ৎ সরিক ভোজ অনুষ্ঠানে এবারের অতিথি প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন। নারায়ণগঞ্জ ক্লাবের মিলনায়তনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হবে। গত বছরের মতো এবারও অভিষেক নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সাধারণ আইনজীবীদের অভিযোগ, সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত। শামীম ওসমানের সঙ্গে কবরী ও আইভীর রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। কবরী ও আইভীকে এড়ানোর জন্যই এবার অনুষ্ঠানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। সমিতির সাধারণ সম্পাদক খোকন সাহা আওয়ামী লীগের শহর কমিটির সাধারণ সম্পাদকও। দুজনই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত। গত ১৮ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে বাসভাড়া নিয়ে বৈঠক চলাকালে ডিসি-এসপির সামনেই শামীম ওসমান ও আনিসুর রহমান সাংসদ কবরী ও শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে মারতে তেড়ে যান, যা বিভিন্ন টিভি চ্যানেলের সংবাদে প্রচার করা হয়। সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী শামীম ওসমান প্রচারণা চালাতেন আনিসুর রহমান ও খোকনকে নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাধারণ আইনজীবী জানান, সামপ্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আইনজীবীরা আদালতপাড়ার সবকিছু নিয়ন্ত্রণ করে থাকেন। এ ধরনের কয়েকজন রাজনীতিক, আইনজীবী নেতার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকলেও হয়রানির আশঙ্কায় সাধারণ আইনজীবীরা তাঁদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। আনিসুর রহমান ও খোকন সাহা গত বছরও বারের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। গত বছর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ওই অনুষ্ঠানের দুটি আমন্ত্রণপত্র বিলি করা হয়। প্রথম আমন্ত্রণপত্রে সম্মানিত অতিথির তালিকায় প্রথমেই ছিল সাবেক সাংসদ শামীম ওসমানের নাম। এর পরই ছিল নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের নাম। তার পর রাখা হয় নারায়ণগঞ্জে আওয়ামী লীগদলীয় চার সাংসদের নাম। প্রটোকল ভঙ্গ করে নির্বাচিত সাংসদের নামের আগে শামীম ওসমানের নাম রাখায় ক্ষুব্ধ হন আওয়ামী লীগদলীয় চার সাংসদ। চার সাংসদ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনেন। স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পরিবর্তন ও শামীম ওসমান, সেলিম ওসমানকে মঞ্চে না রাখার জন্য আয়োজকদের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ মোতাবেক আয়োজকেরা অনুষ্ঠানের দিন দুপুরে নতুন করে আমন্ত্রণপত্র বিলি করেন। নতুন আমন্ত্রণপত্রে শামীম ও সেলিম ওসমানের নাম বাদ দেওয়া হয়। জাপার সাংসদ নাসিম ওসমানের নাম রাখা হয় আওয়ামী লীগের চার সাংসদের নামের পর। বিষয়টি নারায়ণগঞ্জের প্রশাসন, আদালতপাড়া, রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করে। বারের জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবুর রহমান বলে, সমিতির কার্যকরী কমিটির উচিত ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মানজনকভাবে আমন্ত্রণ জানানো। বারের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক পর পর দুই দফা এ পদে আছেন। সারা দেশে আইনজীবী সমিতিগুলোর জন্য সরকার যে অর্থ বরাদ্দ করে, তা থেকে একটি টাকাও তাঁরা নারায়ণগঞ্জের জন্য আনতে পারেননি। সারা দেশে আলোচিত নির্বাচনে বিপুল ভোটে আইভী মেয়র নির্বাচিত হয়েছেন। আদালতপাড়া পড়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে, যার সাংসদ কবরী। আইভী, কবরীসহ নির্বাচিত অন্য জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো যেত। মূলত আইভী-কবরীকে এড়ানোর জন্যই বারের বর্তমান সভাপতি এ বছর নির্বাচিত জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানাননি। এ ব্যাপারে আইভী ও কবরীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ ধরনের অনুষ্ঠান সম্পর্কে কিছু জানেন না বলে জানান। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, বিশেষ কাউকে এড়ানোর জন্য নয়, গত বছর অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের সঙ্গে আসা তাঁদের নিজস্ব লোকজন অনুষ্ঠানস্থলে স্লোগান দিয়েছিল, পেশাজীবী সংগঠনের অনুষ্ঠানে যা বেমানান। তাই অনুষ্ঠান ও প্রধান বিচারপতির ভাবমূর্তি রক্ষায় এ বছর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।