নতুন বছরের শুরু থেকে খুলনা শহরসহ গোটা জেলায় অপরাধপ্রবণতা অনেক বেড়েছে। এ কারণে সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনও উদ্বিগ্ন।
গতকাল রোববার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়। সেখানে এই উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান।
ওই সভায় জেলা ও নগরের সার্বিক পরিস্থিতি যেন আরও খারাপ না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, খুলনা নগরের ৮ থানায় জানুয়ারি মাসে ২টি ডাকাতি, ১টি রাহাজানি, ৬টি চুরি ও ২টি খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া অস্ত্র আইনে ২টি, দ্রুত বিচার আইনে ৩টি, ১টি ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন আইনে ৯টি, মাদকদ্রব্য আইনে ৭৭টি এবং অন্যান্য ৪৯টিসহ মোট ১৫৬টি মামলা হয়েছে, যা ২০১৬ সালের ডিসেম্বরের চেয়ে ১৮টি বেশি।
সভা শেষে জেলা প্রশাসক নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, ‘জেলার সার্বিক অপরাধপ্রবণতার চিত্র আমাদের উদ্বিগ্ন করেছে। তাই এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপরাধ যেন আর না বাড়তে পারে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোর কমিটির সদস্যদের নিয়ে করা বৈঠকে অপরাধপ্রবণতা কমিয়ে আনতে বিভিন্ন পরিকল্পনা ঠিক করা হয়েছে। আশা করি এরপর আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না।’