জেলা আইনশৃঙ্খলা সভায় হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সদস্যদের বসার আসন বিন্যাস নিয়ে গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে হট্টগোল হয়েছে।
সভার সদস্যদের সূত্রে জানা গেছে, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। জেলার সংসদীয় আসনের সাংসদেরা সভায় উপদেষ্টা হিসেবে থাকেন। সভার বাকিরা কমিটির সদস্য। গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভা শুরুর আগে সভাপতি ও উপদেষ্টা ছাড়া কমিটির অন্য সদস্যদের বসার আসন বিন্যাস শুরু করেন জেলা প্রশাসনের লোকজন। মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ সরকারি দপ্তরের প্রতিনিধি সদস্যদের আসন বরাদ্দ দিয়ে টেবিলে নামের কার্ড (নেমপ্লেট) বসানো হয়। কিন্তু জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অনেকের নাম সেই সারিতে না থাকায় তাঁদের দ্বিতীয় সারিতে বসতে বলা হয়। আসন বিন্যাসের এ প্রক্রিয়া দেখে কমিটির কয়েকজন সদস্যের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি অসম্মানের দাবি করে তাঁরা জেলা প্রশাসকের কাছে প্রতিবাদ জানান। সে সময় জেলা প্রশাসক প্রতিবাদকারীদের বলেন, যাঁদের নেমপ্লেট দেওয়া হয়েছে, তাঁরা স্ট্যাটাসের মধ্যে পড়েন। আর আপনারা (সদস্য) ওই স্ট্যাটাসে পড়েন না বলে আসন বরাদ্দ রাখা হয়নি। এ কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদকারীরা। তাঁরা চিৎকার করে জেলা প্রশাসনের এ মন্তব্যের প্রতিবাদ জানান। পরে হট্টগোলের এক পর্যায়ে আসন বিন্যাসের নামের কার্ডগুলো সরিয়ে নেওয়া হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায় বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপদেষ্টা বাদে সবার মর্যাদা সমান। আসন বিন্যাসের নামে সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি করা অসম্মানের।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, সভায় কেউ কেউ নির্ধারিত আসন পাবেন, আবার কোনো কোনো সদস্য আসনের জন্য ঘুরে বেড়াবেন—এটা হয় না।
জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সভায় আসন বিন্যাসের একটা পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছিল। এটা কয়েকজন সদস্য মেনে নিতে পারেননি। এ নিয়ে সভা শুরুর আগে কিছুটা ভুল-বোঝাবুঝি হয়।