ফেনীতে জামায়াতে ইসলামীর সমাবেশে নেতারা তাঁদের বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারীর ভূয়সী প্রশংসা করেছেন। তাঁরা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জামায়াত-শিবিরবিরোধী বক্তব্য প্রদান করলেও ফেনীর নেতা নিজাম হাজারী তাঁদের সমাবেশে সহযোগিতা করেছেন। গতকাল সোমবার বিকেলে শহরের মিজান ময়দানে জামায়াতের সমাবেশে জেলা জামায়াতের আমির এ কে এম নাজেম ওসমানী বলেন, ‘সরকারের পুলিশের কাছে এক কোটি গুলি থাকলে আমাদের কাছে দেড় কোটি জামায়াত-শিবির কর্মী আছে।’ নাজেম ওসমানী আরও বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী তাঁকে বলেছেন, ফেনীকে সন্ত্রাসমুক্ত করতে আমরা দুই ভাই (নাজিম ওসমানী ও নিজাম হাজারী) একসঙ্গে কাজ করব।’ তিনি ভবিষ্যতেও জামায়াত-শিবিরের কর্মসূচিতে নিজাম হাজারীর সহযোগিতা কামনা করেন। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য লিয়াকত আলী ভূঞা, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এ কে এম সামছুদ্দিন, ছাত্রশিবিরের নেতা তারেক মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।