জেলা আওয়ামী লীগের নির্দেশ মানেননি কর্ম পরিষদের সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা আওয়ামী লীগের নির্দেশ মানেননি ব্রজমোহন (বিএম) কলেজের নবগঠিত কর্মপরিষদের সদস্যরা। গতকাল সোমবার পর্যন্ত কর্মপরিষদের মাত্র একজন সদস্য পদত্যাগ করেছেন। গত শুক্রবার বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা জেলার সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের নিয়ে ঢাকায় একটি বৈঠক করেন। বৈঠকে বিএম কলেজের কর্মপরিষদকে অবৈধ ও অগঠনতান্ত্রিক উল্লেখ করে এই কর্মপরিষদে অন্তর্ভুক্ত ছাত্রলীগ নেতা-কর্মীদের দুই দিনের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জেলা ও মহানগর ছাত্রলীগে পদ পেতে কর্মপরিষদ থেকে পদত্যাগ করা নেতা-কর্মীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত কর্মপরিষদের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সামসুদ্দোহা পদত্যাগ করেছেন। এ ছাড়া অন্য কেউ পদত্যাগ করেননি। অনেকে জীবনবৃত্তান্তও জমা দেননি।বরিশাল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনূস বলেন, ‘যাঁরা সিদ্ধান্ত মানেননি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’জেলা ছাত্রলীগের আহ্বায়ক মিলন ভূঁইয়া বলেন, ‘যাঁরা পদত্যাগ করেননি এবং যাঁরা জীবনবৃত্তান্ত জমা দেননি, তাঁদের ব্যাপারে আমাদের অভিভাবকেরা সিদ্ধান্ত নেবেন।’ গত ২০ জুন কলেজ ছাত্র সংসদের নির্বাচন ছাড়াই ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে ছাত্র কর্মপরিষদ গঠন করা হয়। ২৬ সদস্যের এ পরিষদ প্রত্যাখ্যান করে ছাত্রদলসহ একাধিক ছাত্রসংগঠন।