জেলা উন্নয়ন মেলা আজ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ২০১৬ সালে ১৫ কোটি ডিম উৎপাদন হয়েছে। ২০০৮ সালের দিকে সংখ্যাটা ছিল ৫ কোটি ৫৫ লাখ। কুষ্টিয়ার চাহিদা মিটিয়ে ডিম যাচ্ছে অন্যান্য জেলায়। ডিম আমিষের চাহিদা পূরণ করছে, পাশাপাশি জেলায় কর্মসংস্থান বাড়াচ্ছে।

বিভিন্ন খাতে কুষ্টিয়ার এমন সাফল্যের চিত্র তুলে ধরতে আজ সোমবার থেকে শুরু হচ্ছে জেলা উন্নয়ন মেলা। গত শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. জহির রায়হান।

জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে তিন দিনের এ মেলায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরের প্রায় ৮৬টি প্রতিষ্ঠানের স্টল থাকছে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষি খাতে গত আট বছরে কুষ্টিয়া অনেক এগিয়েছে। ২০১৬ সালে ডিমের পাশাপাশি ধান, গম, আলু ও ভুট্টা উৎপাদন হয়েছে ৮ লাখ ৯৮ হাজার ৬৬৬ মেট্রিক টন; যা ২০০৮ সালে ছিল ৫ লাখ ১৩৬ মেট্রিক টন।

জেলা প্রশাসন বলছে, একইভাবে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎ খাতে কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সবচেয়ে বেশি এগিয়েছে বিদ্যুৎ খাত। ২০০৮ সালে বিদ্যুতের গ্রাহকসংখ্যা ছিল ১ লাখ ২৪০। ২০১৬ সালে তা বেড়ে হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৫০৩। জেলায় বিদ্যুতের চাহিদা ১৩৮ মেগাওয়াট। তার পুরোটাই পাচ্ছে জেলাবাসী।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।