
জেলা ও উপজেলা পর্যায়ের চিহ্নিত রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর প্রধানদের দ্রুত বিচারের আওতায় বিচারকাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। গতকাল রোববার জাতীয় সংসদে মোয়াজ্জেম হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
সম্পূরক প্রশ্নে মোয়াজ্জেম হোসেন জানতে চান, চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছবিসহ তালিকা প্রকাশ করা হবে কি না। প্রতিমন্ত্রী জানান, এ ধরনের তালিকা তৈরির পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই। সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকায় উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন। অর্থ পাওয়া সাপেক্ষে এই ভাতা দেওয়া হবে।
কামাল আহমেদ মজুমদারের সম্পূরক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিএনপি নিজামী-মুজাহিদকে প্লট দিয়েছিল, তা বাতিলের আবেদন জানানো হবে। চিহ্নিত যুদ্ধাপরাধীদের মধ্যে যারা সরকারি জমি পেয়েছে, তা বাতিলের জন্য গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়কে তালিকা দেওয়া হবে।
ফরিদুন্নাহার লাইলী ও নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ জানান, সরকার রাজধানীর হাজারীবাগ, লালবাগ ও সূত্রাপুরের ট্যানারিগুলো সাভারের হরিণধরা চামড়াশিল্প নগরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে বর্জ্য শোধনাগার ও ডাম্পিং ইয়ার্ড স্থাপনের জন্য চীনা প্রতিষ্ঠান জেএলইপিসিএল-ডিসিএল-জেভিকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ শেষে ট্যানারিগুলো হরিণধরার চামড়াশিল্প নগরে স্থানান্তর করা হবে।
স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী ফারুক খান বলেন, বিমানের মাসকাট, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়েত ও কুয়ালালামপুর রুট লাভজনক।
তবে লন্ডন, রোম, দোহা, দুবাই, ব্যাংকক, দিল্লি, কলকাতা, হংকং, কাঠমান্ডু, সিঙ্গাপুর ও করাচি রুট অলাভজনক।
জামায়াতের এ এইচ এম হামিদুর রহমান আযাদের প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, ২০১৬ সালের ডিসেম্বর নাগাদ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তর করা হবে।