নিবন্ধনের শর্তানুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। তাই তৃণমূল পর্যায়ে বেশ কয়েকটি রাজনৈতিক দলের আদৌ কোনো কার্যালয় রয়েছে কি না, কমিশন তা তদন্ত করে দেখবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের মূল কার্যালয় খুঁজে না পাওয়ায় এই সন্দেহ দেখা দিয়েছে। এই দলটি ছাড়াও ঠিকানা পরিবর্তনের কারণে আরও কয়েকটি রাজনৈতিক দলের মূল কার্যালয় খুঁজে পেতে কমিশনকে সমস্যায় পড়তে হয়েছে। জানতে চাইলে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা জানতে পেরেছি অনেকেই তাঁদের বাসাবাড়িকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। এটা আইনবিরুদ্ধ। এসব বিষয়ের তদন্ত হওয়া বাঞ্ছনীয়।’অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচনের আগে যেসব শর্ত মেনে নিয়ে দলগুলো নিবন্ধিত হয়েছিল, সেসব শর্ত তারা মেনে চলছে কি না, তা আমরা তদন্ত করব। আমাদের কাছে খবর এসেছে, এ মুহূর্তে জেলা ও উপজেলা পর্যায়ে অনেক দলেরই কোনো কার্যালয় নেই।’ জানা গেছে, কমিশনের সন্দেহের তালিকায় রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ তরিকত ফেডারেশন, ন্যাশনাল পিপল্স পার্টি, গণফ্রন্ট, প্রগতিশীল গণতান্ত্রিক দল, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টসহ আরও বেশ কয়েকটি দল। তবে প্রয়োজনবোধে আওয়ামী লীগ-বিএনপিসহ বড় দলগুলোর কার্যালয় সম্পর্কেও তদন্ত করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৯২ এর ৯০/বি ধারার বিধান অনুযায়ী রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও ন্যূনতম এক-তৃতীয়াংশ (২১) জেলা ও ১০০ উপজেলায় শাখা দপ্তর থাকতে হবে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের আগে ৩৯ দল এসব শর্ত মেনে নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিল। তখন জনবলসংকটের কারণে কমিশন জেলা ও উপজেলা পর্যায়ে এসব দলের শাখা কার্যালয়ের সত্যতা যাচাইয়ের জন্য নমুনা তদন্ত চালিয়েছিল। গত ৩১ জুলাই ছিল রাজনৈতিক দলের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময়। ওই সময়ের মধ্যে বিএনপি-জামায়াতসহ ২২টি দল হিসাব জমা দিয়েছে। আওয়ামী লীগসহ অবশিষ্ট ১৬টি দল নির্ধারিত সময়ে হিসাব জমা দিতে পারেনি। কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন হিসাব জমা দেওয়ার সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। তার আগে দলগুলোকে সতর্ক নোটিশ পাঠাতে গিয়ে কমিশনকে যথেষ্ট হয়রানির শিকার হতে হয়েছিল বলে সূত্র জানিয়েছে। কারণ নির্বাচনের পর বেশ কিছু দল তাদের ঠিকানা পরিবর্তন করলেও সে সম্পর্কে কমিশনকে যথাসময়ে জানায়নি। এমনকি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা খুঁজে পেতে কমিশনকে গত ১২ আগস্ট গণবিজ্ঞপ্তিও জারি করতে হয়েছে। যার পরিপ্রেক্ষিতে দলটির পক্ষ থেকে গতকাল কমিশনে যোগাযোগ করা হয়েছে। তারও আগে গঠনতন্ত্র জমা দেওয়ার তাগিদ দিতে গিয়ে ফ্রিডম পার্টির কার্যালয় খুঁজে পেতে সমস্যায় পড়তে হয়েছিল কমিশনকে। পরবর্তী সময়ে গঠনতন্ত্র জমা না দেওয়ায় দলটির নিবন্ধন বাতিল করা হয়। সূত্র জানিয়েছে, ছোট দলগুলোর কেন্দ্রীয় কার্যালয়ের এমন হাল দেখার পর, জেলা ও উপজেলা পর্যায়ে এসব দলের আদৌ কোনো কার্যালয় রয়েছে কি না, তা নিয়ে কমিশনের বৈঠকে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন দলগুলোর কেন্দ্রীয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়গুলো সরেজমিনে তদন্ত করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়। ঈদের পরই এ বিষয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।