জেলা-উপজেলায় যাচ্ছেন ৬০০ বিশেষজ্ঞ চিকিৎসক
ঢাকার বাইরে বিভিন্ন জেলা-উপজেলায় আরও ৬০০ বিশেষজ্ঞ চিকিৎসককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোয় বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদ পর্যায়ক্রমে পূরণের অংশ হিসেবে এই চিকিৎসকদের পদোন্নতি দিয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরো প্রক্রিয়াটি শেষ হতে সর্বোচ্চ সপ্তাহ খানেক সময় লাগতে পারে বলেও নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাঁরা আরও জানিয়েছেন, ডিসেম্বর নাগাদ নতুন পদোন্নতি পাওয়া চিকিৎসকেরা জেলা-উপজেলায় যাবেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পদ আছে ৩ হাজার ২৭০টি। এখন কর্মরত আছেন ১ হাজার ২৩৯ জন। নতুন ৬০০ চিকিৎসক যোগ দেওয়ার পরও ঘাটতি পুরোপুরি মিটছে না।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুর-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রামের মানুষ যেন বাড়ির কাছে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পায়, সে জন্য স্নাতকোত্তর ডিগ্রি আছে এমন চিকিৎসকদের শর্ত শিথিল করে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ৬০০ চিকিৎসক দিয়েও সংকট পুরোপুরি মিটবে না।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলছে, সব শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও এই ৬০০ চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁরা বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছেন, তবে পদোন্নতির জন্য সিনিয়র স্কেল পরীক্ষায় পাস করেননি বা পরীক্ষাই দেননি। কিন্তু চিকিৎসাশাস্ত্রের বিভিন্ন বিষয়ে তাঁরা স্নাতকোত্তর ডিগ্রি করেছেন। পদোন্নতির শর্ত পূরণ না হওয়ায় বিশেষজ্ঞ হয়েও বিভিন্ন হাসপাতালে মেডিকেল অফিসার পদে কাজ করছিলেন তাঁরা। তাঁদের কাছ থেকে রোগীরা বিশেষায়িত সেবা পাচ্ছিলেন না। পদোন্নতির ক্ষেত্রে যাঁদের বয়স কমপক্ষে ৫০ এবং চাকরির বয়স কমপক্ষে ১৫ বছর, তাঁরা অগ্রাধিকার পাবেন। শর্ত পূরণ না হওয়ায় পদোন্নতি দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রমার্জনা চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এম ইকবাল আর্সলান বলেন, উপজেলাগুলোতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে চিকিৎসকেরা এমবিবিএস পাস চিকিৎসকদের মতো কাজ করছিলেন। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছিলেন। সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, শর্ত শিথিলের পর যদি এই চিকিৎসকেরা কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তাহলে তা হবে খুবই দুর্ভাগ্যজনক।
প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পদোন্নতি দিলেও এই চিকিৎসকেরা গ্রামে গিয়ে কতটা কী করবেন, তা নিয়ে সংশয় আছে। চিকিৎসকদের কর্মস্থলে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও প্রায়ই আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসককে পাওয়া যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সম্প্রতি ঢাকার কাছে একটি জেলা ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে পাননি। একজন শল্যচিকিৎসককে পেয়েছিলেন, যিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাগোয়া একটি ক্লিনিকে সপ্তাহে কমপক্ষে পাঁচটি অস্ত্রোপচার করেন। কিন্তু সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও সরকারি হাসপাতালে একটি অস্ত্রোপচারও করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ১২ জন চিকিৎসককে নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কারণ দর্শানো হয়। পদোন্নতির পরও যাঁরা যাবেন না, তাঁদের বিরুদ্ধেও কারণ দর্শানো, বেতন কাটা ও চাকরিচ্যুত করা পর্যন্ত প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।