দেশের প্রতিটি জেলা শহর, উপজেলা সদর ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারে কমপক্ষে একটি করে সমবায় বাজার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে একটি সমবায় বাজার খোলা হচ্ছে। এ ব্যাপারে কাজ শুরু করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।সরকারি সূত্রগুলো বলছে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।জেলা-উপজেলা পর্যায়ে সমবায় বাজার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১৬ আগস্ট জেলা এবং উপজেলা প্রশাসনের কাছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ চিঠি পাঠিয়েছে। সমবায় অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের আগামী সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে স্থানীয় সমবায় সমিতিগুলোর সঙ্গে আলোচনা চূড়ান্ত করতে বলা হয়েছে।সমবায় অধিদপ্তরের হিসাবে দেশে এক লাখ ৬৯ হাজার সমবায় সমিতি রয়েছে। এগুলোর মধ্যে প্রায় এক লাখ সমিতি সক্রিয়। প্রতিটি সমিতিকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। আগ্রহীদের মধ্য থেকে বাছাই করা সমিতিগুলো বাজার স্থাপনের অনুমতি পাবে। অভিজ্ঞতা ও সক্ষমতা আছে, এমন সমিতি একাধিক বাজার স্থাপনের অনুমতি পাবে।যেসব সমিতির কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিজ্ঞতা আছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জনবহুল এলাকায় একাধিক বাজার স্থাপন করা হবে। এ বছরের অক্টোবরের মধ্যে বাজারগুলো চালু করার পরিকল্পনা আছে।সমবায় সমিতি বাজার মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি দোকান হিসেবে প্রতিষ্ঠা করা হবে। সমবায় সমিতির সদস্যরা সেখানে নিজেদের উৎপাদিত পণ্য ও পাইকারি বাজার থেকে কিনে আনা পণ্য বিক্রি করবেন। সমবায় অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দেবে। এ জন্য একটি সেলও খোলা হচ্ছে।পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, রাজধানীতে সমবায় বাজার খুলে সুফল পাওয়া গেছে। রাজধানীতে এই কার্যক্রম বিস্তৃত করা ও সারা দেশের সমবায় সমিতিগুলোকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায় যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাজার স্থাপনের ক্ষেত্রে সমবায় বিভাগ থেকে সহযোগিতা দেওয়া হবে।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তারা দাবি করছেন, এই উদ্যোগের ফলে পণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সঙ্গে বিপণনকারী সমিতির সরাসরি সম্পর্ক গড়ে উঠবে। ফলে কৃষকেরা উৎপাদিত পণ্য সরাসরি দোকানে বিক্রি করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা যাবে।