জেলা ও দায়রা জজের বিদায়ী সংবর্ধনা ভন্ডুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবীদের বাধার মুখে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল আমিনের বিদায়ী সংবর্ধনা ভন্ডুল হয়ে গেছে। বিক্ষুব্ধ সাধারণ আইনজীবীরা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সংবর্ধনাস্থল জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে মঞ্চ, আসন ও চেয়ার ছুড়ে ফেলেন এবং আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল বের করেন। 
উদ্ভূত পরিস্থিতিতে জেলা আইনজীবী সমিতি পূর্ব নির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করে। পরে বেলা দুইটায় আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি জেলা ও দায়রা জজের খাস কামরায় গিয়ে তাঁকে সংবর্ধনা দেয়।
জানা গেছে, জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল আমিনের বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় সমিতি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে সকাল ১০টায় আওয়ামী লীগ-বিএনপি, বাম রাজনীতির সঙ্গে জড়িত এবং সাধারণ আইনজীবীরা সমিতির মিলনায়তনে সংবর্ধনা উপলক্ষে প্রস্তুত করা মঞ্চ ভেঙে চেয়ার ছুড়ে বাইরে ফেলে দেন।
এরপর বিক্ষুব্ধ আইনজীবীরা জেলা, দায়রা জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল আমিন, প্রথম সাব জজ মহিউদ্দিন, দ্বিতীয় সাব জজ হাবিবা মণ্ডলের নাম ধরে তাঁদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে নানা ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রবীণ আইনজীবী, রমজান আলী, রইস উদ্দিন, হারুন অর রশিদ, মাহবুবুর রহমান মাসুম, আওলাদ হোসেন, মোস্তফা করিম, আনোয়ার হোসেন, আবদুল হামিদ ভাসানী, জিয়াউল ইসলাম কাজল, সরকার হুমায়ুন কবির, আহসানুল করিম চৌধুরী বাবুল, দবির উদ্দিন, খলিলুর রহমান, সরকার হুমায়ুন কবির, ওমর ফারুক, এ কে ফজলুল হক ভূঁইয়া, জালাল উদ্দিন, আলী আহম্মেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জে জেলা ও দায়রা জজের দায়িত্ব পালনকালে মালিক আবদুল্লাহ আল আমিন অনিয়ম, দুর্নীতির প্রতীকে পরিণত হয়েছেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে এবং জেলা ও দায়রা জজ অসুস্থ থাকায় আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি দুইটায় জেলা ও দায়রা জজের খাস কামরায় গিয়ে তাঁকে বিদায় সংবর্ধনা জানায়। এর বেশি কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।
এ ব্যাপারে ওই তিন বিচারকের বক্তব্য জানতে তাঁদের কার্যালয়ে যোগাযোগ করলে তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান জানান, জেলা ও দায়রা জজ অসুস্থ থাকায় জেলা আইনজীবীদের পক্ষ থেকে দেওয়া বিদায়ী সংবর্ধনা বাতিল করা হয়েছে। বিএনপি-সমর্থিত আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াতের বিরোধী আইনজীবীরা বিক্ষোভ করেছেন।
তবে জেলা ও দায়রা জজের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, নিরপেক্ষভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। অন্য বিচারকেরাও দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন।