ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলা বিচারিক হাকিমের আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিম মশিউর রহমান খান মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেন।
আগামী ১৭ নভেম্বর মামলার বিচার কার্যক্রম শুরু হবে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মামলার ধার্য তারিখে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতে আদালত মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেন। পরে আসামিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, একরাম হত্যার ঘটনায় গত বছরের ২৮ আগস্ট ৫৬ জন আসামির বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ইতিমধ্যে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গত বছরের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্যে চেয়ারম্যান একরামকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।