জেলা ও মহানগর কমিটিতে পদ পেতে নেতা-কর্মীদের দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ১৭ জুন রাতে কেন্দ্রীয় যুবলীগের সহ-দপ্তর সম্পাদক ফজলুল হক আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। দীর্ঘদিন পর কমিটি ভেঙে দেওয়ায় যুবলীগের পদপ্রত্যাশী ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নেতা-কর্মীরা জেলা ও মহানগর কমিটিতে পদ পাওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ দিচ্ছেন।দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, ১৯৯৭ সালে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন হয়। এতে শাহীনুল ইসলামকে সভাপতি ও মঞ্জুর মোর্শেদকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ ২০০১ সালে শেষ হলেও নতুন কমিটি গঠিত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ অথবা আহ্বায়ক কমিটিতে পদ পাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন বেশ কয়েকজন নেতা।তাঁরা হলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল হক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ আল-মাহমুদ, কুমিল্লা সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান, অজিতগুহ মহাবিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, জেলা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক এ কে হাসান ইমাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হক, একই সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নাহিদুল হক ও দেলোয়ার হোসেন, সাবেক সহসভাপতি রূপম মজুমদার ও সাব্বির আহমেদ, কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি এম সাইফুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম খান, একই কলেজের সাবেক ছাত্রলীগ সদস্য মাঈন উদ্দিন পারভেজ, শেখ রাসেল স্মৃতি সংসদ কুমিল্লা জেলার সভাপতি বোরহান মাহমুদ কামরুল ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সহসভাপতি (ভিপি) জহিরুল ইসলাম। তাঁদের মধ্য থেকেই মহানগর কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে জেলা যুবলীগের কমিটিতে পদ পেতে আগ্রহী ব্যক্তিরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফরহাদুল মিজান, লিটন দাস, খালেদ আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল উদ্দিন ও কোতোয়ালি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঁইয়া। যুবলীগের নেতা আবদুল্লাহ আল-মাহমুদ বলেন, ‘দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।’আরেক যুবলীগের নেতা আতিকুর রহমান খান বলেন, ‘জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দক্ষ, সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে কমিটি গঠনের পরামর্শ দেবেন। তবেই কাঙ্ক্ষিত নেতৃত্ব গড়ে উঠবে।’ কুমিল্লা জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শাহীনুল ইসলাম বলেন, ‘জেলা আওয়ামী লীগের নেতা ও জাতীয় সংসদের হুইপ মুজিবুল হকের পরামর্শক্রমে কমিটি গঠনের জন্য প্রস্তাব দেওয়া হবে। নিবেদিত প্রাণ ত্যাগী নেতা-কর্মীদের দিয়েই কমিটি হবে।’