জেলা ও সমুদ্রবন্দর স্থাপনের ঘোষণা দাবি এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় আসছেন ২৫ ফেব্রুয়ারি। তিনি নবগঠিত রাঙ্গাবালী উপজেলাসহ সমুদ্রসৈকত কুয়াকাটায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও জনসভায় বক্তব্য দেবেন। এলাকাবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রী কলাপাড়াকে জেলা এবং উপজেলার রামনাবাদ মোহনায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপনের ঘোষণা দেবেন।এ বিষয়ে স্থানীয় সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদার প্রথম আলোকে বলেন, জেলা হওয়ার মতো সব সুযোগ-সুবিধা কলাপাড়ায় রয়েছে। আর সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে কলাপাড়া রামনাবাদ নদীর মোহনায় দেশের তৃতীয় সমুদ্রবন্দর স্থাপনের। দল-মতনির্বিশেষে এলাকাবাসীর এই প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলে তিনি মন্তব্য করেন।স্থানীয় প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া অনেক আগে থেকেই ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ একটি জনপদ। কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে আহরিত ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ দেশের বিপুল জনগোষ্ঠীর বিরাট অংশের মাছের চাহিদা মেটায়। বঙ্গোপসাগর থেকে আহরিত মাছ বিদেশেও রপ্তানি হয়ে থাকে। সম্ভাবনাময় এ খাতকে কেন্দ্র করে ইতিমধ্যে মহীপুর ও আলীপুরে গড়ে উঠেছে মৎস্য বন্দর। প্রতিবছর এ খাত থেকে শত শত কোটি টাকা উপার্জন হয়ে থাকে। তা ছাড়া দেশের অন্যতম ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটা এ উপজেলার অন্তর্ভুক্ত। পর্যটন খাতের নতুন এক দিগন্ত গঙ্গামতীও কলাপাড়ার বৈশিষ্ট্যের আরও একটি দিক। ১৯৬৯ সালে কলাপাড়াকে মহকুমায় রূপান্তরের কথা থাকলেও শেষ পর্যন্ত বরগুনা জেলাকে মহকুমা করা হয়। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশে তৃতীয় সমুদ্রবন্দর স্থাপনের জন্য উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়াকে নিয়ে বেশ কয়েকবার সমীক্ষা করা হয়েছে। এ নিয়ে কাজ করেছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।প্রবীণ রাজনীতিক ও উপজেলা বিএনপির সহসভাপতি শাহ আলম খান বলেন, কলাপাড়া উপজেলা সবদিক থেকেই উন্নত। জেলা হওয়ার যত ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত তা দক্ষিণাঞ্চলের মধ্যে একমাত্র কলাপাড়াতেই আছে। তাই তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরের সময় কলাপাড়াকে জেলা ও লালুয়ার চাড়িপাড়ায় সমুদ্রবন্দর স্থাপনের ঘোষণা দেওয়া হবে। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নাসির তালুকদার বলেন, বহু বছরের পুরোনো জনপদ কলাপাড়া। এখানে রয়েছে নানাবিধ সম্ভাবনা। সে ক্ষেত্রে কলাপাড়াকে জেলা ও লালুয়ায় সমুদ্রবন্দর করার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা মোটেও অযৌক্তিক নয়।কলাপাড়া নাগরিক অধিকার কমিটির সভাপতি জালাল উদ্দিন তালুকদার বলেন, কলাপাড়াকে জেলা ও লালুয়ার চাড়িপাড়ায় সমুদ্রবন্দর নির্মাণের দাবি নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত হবেন। এ দাবি বাস্তবায়িত হলে কুয়াকাটা পর্যটন কেন্দ্রের গুরুত্বও বহুগুণ বেড়ে যাবে। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলাপাড়া পৌর মেয়র এস এম রাকিবুল আহসান বলেন, কলাপাড়াকে জেলা ও লালুয়ার চাড়িপাড়ায় সমুদ্রবন্দর স্থাপনের বিষয়ে কলাপাড়াবাসীর প্রত্যাশা সৃষ্টি হয়েছে। জনগণের প্রত্যাশা যুক্তিযুক্ত।