বরিশালে জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারপন্থী নেতা-কর্মীরা গতকাল শনিবার প্রতীকী অনশন করেছেন।সকাল ১০টায় সরোয়ারপন্থী নেতা-কর্মীরা নগরের সদর রোড এলাকায় দলীয় কার্যালয় সম্মুখে জেলা কমিটি বাতিলের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। পরে জেলা কমিটি বাতিলে কেন্দ্রীয় এক নেতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে ১১টায় তাঁরা অনশন প্রত্যাহার করেন।কর্মসূচিতে জেলা বিএনপিতে পদ না পাওয়া নেতা-কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাঁদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক, যুগ্ম আহ্বায়ক এ এইচ সালেহ আহম্মেদ, মনিরুজ্জামান ফারুক, মহসিন মন্টু, আবুল কালাম, কাউন্সিলর আয়শা তৌহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কে এম শহীদুল্লাহ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বশির আহম্মেদসহ বরিশাল মহানগর ছাড়াও জেলার অন্তর্গত সব থানা কমিটির প্রায় কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।