জেলা কমিটির সুপারিশ ছাড়া মামলা প্রত্যাহার হবে না
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় যেসব মামলা প্রত্যাহারের জন্য জেলা কমিটির সুপারিশ থাকবে না, সেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করবে না এ-সংক্রান্ত জাতীয় কমিটি। গতকাল কমিটির বৈঠকে উত্থাপিত বেশির ভাগ মামলায় জেলা কমিটির সুপারিশ না থাকায় তা ফিরিয়ে দেওয়া হয়েছে। মাত্র ৫৬টি মামলার প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশের জন্য গঠিত কমিটির ২৫তম এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান। সোমবার ‘এক হাজার ৪৮১টি মামলার মধ্যে ৯০০ মামলায় জেলা কমিটির সুপারিশ নেই, আছে দলীয় নেতাদের সুপারিশ’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে এ প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। কমিটির এক সদস্য এ সময় প্রস্তাব করেন, জেলা কমিটির সুপারিশ ছাড়া কোনো মামলা প্রত্যাহার করা ঠিক হবে না। আইন প্রতিমন্ত্রী জানান, জেলা কমিটি সুপারিশ করেনি, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় এ ধরনের কোনো মামলা বৈঠকে প্রত্যাহারের সুপারিশ করা হয়নি।