জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা প্রশাসনের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কমিটির মেয়াদ শেষ হয়েছে আগেই। আদালতের রায়ে কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করে দুই মাসের মধ্যে নির্বাচন করতে বলা হয়েছে। এর পরও দায়িত্ব পালন করছিলেন আগের কমিটি। গত মঙ্গলবার তাঁদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে জেলা প্রশাসন। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, জেলা ক্রীড়া সংস্থার কমিটির মেয়াদ ২০১১ সালের ২৭ অক্টোবর শেষ হয়ে যায়। পদাধিকারবলে ওই কমিটির সভাপতি জেলা প্রশাসক। আর সাধারণ সম্পাদক হিসেবে ইমতিয়াজ আহম্মেদ শামসুল হুদা (কিসলু) ও কোষাধ্যক্ষ হিসেবে ছিলেন হাসমত হোসেন। সংস্থার নির্বাচনসংক্রান্ত জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলা থাকার কারণে তাঁরাই দায়িত্ব পালন করছিলেন। তবে ২ জুলাই দেওয়া আদালতের রায়ের ভিত্তিতে রাজশাহী জেলা প্রশাসকের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন, নির্বাচন কমিশনার নিয়োগ এবং পরবর্তী দুই মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা করতে বলে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে জেলা প্রশাসক নির্বাচন অনুষ্ঠানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। এ ছাড়া অ্যাডহক কমিটির তালিকা জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হয়েছে। সেটি অনুমোদনের অপেক্ষায়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) জাকির হোসেন।