জেলা ঘোষণার দাবিতে বিরামপুরে ধর্মঘট
দিনাজপুরের ছয়টি উপজেলা নিয়ে বিরামপুর জেলা ঘোষণা করার দাবিতে গতকাল বুধবার বিরামপুরে আধাবেলা ধর্মঘট পালিত হয়েছে।
ধর্মঘটের সমর্থনে সকাল থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে শত শত মানুষ মিছিল নিয়ে বিরামপুরের ঢাকা মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে।
এতে দিনাজপুর-ঢাকা মহাসড়কসহ বিরামপুর-নবাবগঞ্জ, বিরামপুর-হাকিমপুর ও বিরামপুরের বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শহরের বেসরকারি কার্যালয়, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।
পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে বিরামপুর জেলা ঘোষণা করার দাবিতে বিরামপুর পেশাজীবী ঐক্য পরিষদের ডাকে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ধর্মঘট পালন করা হয়। ধর্মঘট চলাকালে ঢাকা মোড়ে আয়োজিত সমাবেশে ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে নবনির্বাচিত মেয়র লিয়াকত আলী সরকার, বণিক সমিতির সভাপতি মো. আশরাফ উদ্দিন, বিরামপুর কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, মওলা বকস প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া দাবির সমর্থনে সমাবেশে মুঠোফোনে বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক।