জেলা ছাত্রদলের সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা জজ আদালত চত্বরে তিন সাংবাদিককে ধাওয়া এবং অতিরিক্ত সরকারি আইনজীবীর (এপিপি) কক্ষ ভাঙচুরের মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও যুবদলের কর্মী মেহেদী হাসানসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহাবুবার রহমান লালমনিরহাটের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোপত্র জমা দেন।অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন জেলা সদরের নর্থ বেঙ্গল এলাকার মিলন, সুরকি মিল এলাকার খোকন, খুটামারা এলাকার সুমন আহম্মেদ, আমবাড়ী এলাকার শহিদুল, খাতাপাড়া মাজার এলাকার মজিদুল, তালুক হরিদাসের হবি, ব্যবসায়ী নুরনবী, দেওডোবা গ্রামের বাবুল, খাতাপাড়া এলাকার শাহাদত, ওয়্যারলেস কলোনির জাকির হোসেন, এলজিইডি এলাকার শফিকুল ইসলাম, সাহেবপাড়ার মওলা, এলজিইডি এলাকার রাশেদুল ইসলাম, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের কাজল, সাপ্টীবাড়ীর আমিনুল ও বকুল।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, দ্রুত বিচার আইনের মামলার তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ জুন হরতাল চলাকালে ভাঙচুরের মামলায় বিএনপির ৩৫ জন নেতা-কর্মী ৫ আগস্ট মুখ্য বিচারিক হাকিম আদালতে জামিনের জন্য হাজির হন। আদালত জামিন না মঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। খবর পেয়ে ওই দিন দুপুরে প্রথম আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি আবদুর রব সুজনসহ তিনজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে আদালত চত্বরে যান। পূর্বশত্রুতার জের ধরে আনিস ও মেহেদীর নির্দেশে ছাত্রদল ও যুবদলের নেতা-কার্মীরা সাংবাদিকদের ধাওয়া করে। সাংবাদিকেরা এপিপির চেম্বারে ঢুকে দরজা বন্ধ করে দেন। হামলাকারীরা এপিপির চেম্বারের বন্ধ দরজা ভেঙে সেখানে প্রবেশ করে ভাঙচুর করে। ভাঙচুর বন্ধ ও সাংবাদিকদের বাঁচাতে গিয়ে আহত হন এপিপির সহকারী আবদুল খালেক। এপিপি ও জেলা বারের সাধারণ সম্পাদক সফুরা বেগম ঘটনার দিন রাতে লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইনে ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।