জেলা ছাত্রদলের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে প্রতিপক্ষের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার আসামিরা সবাই কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের অনুসারী। মামলার বাদী হলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক সাক্কুর অনুসারী শহর ছাত্রদলের সদস্য কে এম দিদার হোসেন। গত বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ওই মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন কুমিল্লা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার (৩২), জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (৪০), জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু (৩৫), শহর যুবদলের সদস্য ফেরদৌস পাটোয়ারী (৪০), তাঁর সহোদর জনি পাটোয়ারী (২৫), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক ওরফে সবুজ (২৮), শহর যুবদলের সদস্য পেয়ার পাটোয়ারী (৪৫), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল্লাহ ফয়সাল (২২), শহর ছাত্রদলের সদস্য আবুল কালাম আজাদ (২৪), সাইফুদ্দিন (২৩) ও জুরায়ের আলম জিলানী (২২)। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমাদের পক্ষের নেতা-কর্মীদের গুলিবিদ্ধ করে ওরা পাল্টা মামলা করেছে। এটি অসত্য ও হয়রানিমূলক মামলা। প্রকৃত অস্ত্রবাজদের আড়াল করার জন্য এ মামলা হয়েছে।’ মামলার বাদী বলেন, ‘আসামিদের ঠিকানা সংগ্রহ করতে বিলম্ব হওয়ায় মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে।’ গত বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়। এ ঘটনায় বুধবার রাতে মেয়রের অনুসারী ২০ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা হয়েছিল। এর পরদিন গতকাল মেয়রের অনুসারীরা পাল্টা মামলা করে।