জেলা জজ ও পিপির বিরুদ্ধে আইনজীবীদের সঞ্চারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা দায়রা জজ হোসাইন হেলাল ও সরকারি কৌঁসুলি (পিপি) মহিউদ্দিনসহ তাঁর চেম্বারের আইনজীবীদের বিরুদ্ধে অনভিজ্ঞতা ও বিচারিক প্রক্রিয়ায় অনিয়ম করার অভিযোগ করেছেন বান্দরবানের আইনজীবীদের একাংশ।
ক্ষুব্ধ ওই আইনজীবীরা গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শনে আসা এক বিচারপতির মাধ্যমে এ ব্যাপারে প্রধান বিচাপতির বরাবরে স্মারকলিপি দিয়েছেন।
জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবেদিন ও আবুল কালাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারিক প্রক্রিয়ায় অনিয়ম চলছে। জেলা জজ হিসেবে হোসাইন হেলালের বিচারিক প্রজ্ঞার অভাব এবং যুগ্ম জেলা জজ পদ শূন্য থাকায় এ সংকটের সৃষ্টি হয়েছে।
সংকট নিরসনের দাবিতে প্রধান বিচারপতির বরাবরে পাঠানো সঞ্চারকলিপিতে বলা হয়েছে, জেলা জজ হোসাইন হেলালের অনভিজ্ঞতা ও অদক্ষতায় বিচারিক প্রক্রিয়া কার্যত পিপি মহিউদ্দিন ও তাঁর চেম্বারের কনিষ্ঠ আইনজীবীদের (জুনিয়র) নিয়ন্ত্রণে চলছে। অনেক ক্ষেত্রে পিপি নিজেই মামলার রায় ও আদেশ লিখে দিয়ে থাকেন। পিপির চেম্বারের কনিষ্ঠ আইনজীবীরা প্রভাব খাটিয়ে ও অস্বচ্ছ প্রক্রিয়ায় হত্যা, মাদকদ্রব্য, ধর্ষণ ও অস্ত্র মামলাসহ জামিন অযোগ্য বহু মামলার আসামিকে বেকসুর খালাস ও জামিন দিয়েছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
অভিযোগ অস্বীকার করে পিপি মহিউদ্দিন বলেছেন, সহজে নিষ্পত্তিযোগ্য কিছু মামলা ঝুলিয়ে না রেখে যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হয়েছে। আদেশ ও রায় পক্ষে না গেলে আইনজীবীদের কেউ কেউ অসন্তুষ্ট হতে পারেন। কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়াতেই আদালত চলছে।
আদালতের রায় ও আদেশ সম্পর্কে কোনো তদন্ত হয় না এবং এ ব্যাপারে কোথাও অভিযোগ উত্থাপন করাও সংগত নয় বলে পিপি মহিউদ্দিন মন্তব্য করেন।