নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাংলা) উপপ্রধান বার্তা সম্পাদক কবি হালিম আজাদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফের বিরুদ্ধে মানহানি মামলার তদন্তের জন্য জেলা তথ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম এ নির্দেশ দেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে মিথ্যাচার করা হয়েছে দাবি করে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের কবি হালিম আজাদ ও নাফিজ আশরাফের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেন।
মামলা সম্পর্কে হালিম আজাদ বলেন, ‘১৯৮৬ সালের ১৫ আগস্ট জেনারেল এরশাদ আমাকে বাংলার বাণী অফিস থেকে তুলে নিয়ে নিগৃহীত ও অপমানিত করে এটা একশ ভাগ সত্য। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানতে পেরেছি। এর তীব্র নিন্দা জানাই। ত্বকী হত্যাসহ নারায়ণগঞ্জের সাত খুন এবং অন্যান্য হত্যাকাণ্ডের বিচার দাবি করছি বলেই একটি পরিবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে এ মামলা দায়ের করা হয়েছে। এ মামলা করে ত্বকী হত্যার বিচারের দাবি থেকে আমাদের সরানো যাবে না।’