জেলা থেকে জেলায় ঘুরছি কোথাও আইএস পাচ্ছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া, জেলা থেকে জেলা, উপজেলা থেকে উপজেলা ঘুরে বেড়াচ্ছি; কোথাও আইএস নামের জঙ্গি সংগঠনের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। আছে শুধু জেএমবি, হুজি, আনসারুল্লাহ বাংলা টিম। যারা জামায়াত-শিবিরের সমর্থনপুষ্ট জঙ্গিগোষ্ঠী।’

রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পুলিশের রংপুর রেঞ্জ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আইএস দেখি না। আইএস দেখে শুধু একটি দেশের ওয়েবসাইট। আমি দেশটির নাম বলতে চাই না। একটা হত্যাকাণ্ড ঘটলে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে সেটি আইএস করেছে বলে ওই ওয়েবসাইটে খবর দেওয়া হয়।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক গুলশানে হামলাকারীদের সেকেন্ড ইন কমান্ডকে চিহ্নিত করা হয়েছে দাবি করে বলেন, দেশের মধ্যে বেশি জঙ্গি হলো উত্তরাঞ্চলে। এর মধ্যে বগুড়া ও গাইবান্ধায় তৎপরতা বেশি।

সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। প্রধান বক্তা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাংসদ টিপু মুনশি। সমাবেশে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু, শোলাকিয়া ঈদগাহর ইমাম ফরিদ উদ্দিন মাসউদ, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ধ্রুবেশানন্দ মহারাজ, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্তিয়ান টুডু উপস্থিত ছিলেন। সমাবেশে রংপুর বিভাগের আট জেলা থেকে বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।