জেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারীকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার অভিযোগ
চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় থেকে আনোয়ার হোসেন নামের এক কর্মচারীকে কয়েকজন যুবক অস্ত্রের মুখে তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রায় দুই ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা সংসদের পটিয়া উপজেলার সাবেক সহকারী কমান্ডার কামাল উদ্দিনের ইন্ধনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা তাঁকে শারীরিকভাবে নাজেহাল করেছেন।
মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমার মেয়ের পরিচয়পত্র নেওয়ার জন্য নির্বাচন কার্যালয়ে আসা-যাওয়া করছি। প্রতিবারই কর্মকর্তারা বিভিন্ন অজুহাতে পরিচয়পত্র দেননি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিচয়পত্র আনতে গেলে দুই কর্মকর্তা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে কার্যালয় থেকে বের করে দিয়ে প্রবেশদ্বার বন্ধ করে দেন। আমি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে মৌখিকভাবে জানিয়েছি।’
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর গতকাল বেলা তিনটার দিকে কয়েকজন যুবক অস্ত্র নিয়ে নির্বাচন কার্যালয়ে প্রবেশ করেন। তাঁরা এ সময় সেখানে কর্মরত কর্মচারী আনোয়ার হোসেনকে তুলে নিয়ে যান।
জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম কামাল উদ্দিনকে নাজেহাল করার বিষয়টি অস্বীকার করে বলেন, কামাল উদ্দিন তাঁর মেয়ের পরিচয়পত্র নিতে এলেও স্লিপ আনেননি। এ নিয়ে তাঁর সঙ্গে কর্মকর্তাদের কথা-কাটাকাটি হয়। বিকেলে কয়েকজন যুবক আনোয়ার হোসেনকে তুলে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়।