
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইনি ও প্রশাসনিক সীমাবদ্ধতা এবং নির্বাচন না হওয়াসহ কয়েকটি কারণে জেলা পরিষদ অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পরিষদকে কার্যকর করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিষদ গঠনসহ নয় দফা সুপারিশ করেছে সংস্থাটি।
‘স্থানীয় সরকারব্যবস্থায় জেলা পরিষদ: সুশাসনের জন্য চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে জেলা পরিষদের সমস্যা তুলে ধরে এসব সুপারিশ করা হয়। গতকাল বুধবার রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির গবেষণা ও নীতি বিভাগের উপকর্মসূচি ব্যবস্থাপক নাহিদ শারমীন।
২০১৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত গবেষণার জন্য তথ্য সংগ্রহ করা হয়। গবেষণার জন্য চার বিভাগের চারটি জেলা পরিষদকে নমুনা ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকারব্যবস্থায় জেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও জেলা পর্যায়ে ক্ষমতার কাঠামোতে এর দুর্বল অবস্থান এবং নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জেলা পরিষদ প্রত্যাশিতভাবে কার্যকর হয়নি। অনির্বাচিত ও দলীয় ব্যক্তিদের প্রশাসক পদে নিয়োগ, স্থানীয় সাংসদদের প্রভাব ও জনসম্পৃক্ততা প্রতিষ্ঠায় সরকারি কর্মকর্তাদের অনীহার কারণে জেলা পরিষদ কেন্দ্রীয় সরকারের একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দলীয় প্রশাসক হওয়ায় দলীয় নেতা-কর্মীরাও প্রশাসকের গাড়ি ও অফিস ব্যবহার করছেন। রাজনৈতিক কর্মীদের চা-নাশতার খরচও জেলা পরিষদের নিজস্ব আয় থেকে ব্যয় করা হচ্ছে। সব মিলিয়ে জেলা পরিষদ যেন ক্ষমতাসীন দলের একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, মহাজোট সরকারের আমলে ২০১১ সালের ১৫ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা বাদে বাকি ৬১টি জেলা পরিষদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের প্রশাসক নিয়োগ করে সরকার। তখন বলা হয়েছিল, ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে জেলা পরিষদ গঠন করা হবে। কিন্তু এখনো নির্বাচন হয়নি। আইন অনুযায়ী একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হওয়ার কথা।
সিদ্ধান্ত গ্রহণ ও কাজ বাস্তবায়নের ক্ষেত্রে জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার মধ্যে সমন্বয়হীনতা, কর্মচারী নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের চিত্র তুলে ধরা হয় প্রতিবেদনে।
সুপারিশ: টিআইবির নয়টি সুপারিশের মধ্যে রয়েছে: আইনানুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিষদ গঠন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের কাজের সুষম বণ্টন, পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসকের দায়িত্ব ছয় মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা, পরিষদের নিজস্ব আয় বৃদ্ধি, শূন্য পদ পূরণ, জেলা পরিষদ আইন ২০০০-এর সীমাবদ্ধতা সংশোধন করে পরিষদের ওপর সরকারের এখতিয়ার সুনির্দিষ্ট করা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘স্থানীয় সরকারে কেন্দ্রীয় সরকারের প্রভাব থাকবে না, এটাই আমরা চাই।’
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জেলা পরিষদের কার্যকারিতা দুটি শক্তিশালী স্বার্থগোষ্ঠীর টানাপোড়েনের শিকার হয়ে পড়েছে। তিনি বলেন, নির্বাচন না হওয়াটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।