জেলা পরিষদ নির্বাচন আয়োজনে ইসির কিছু করার নেই: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার সংসদে টেবিলে উত্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলামের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী আনিসুল হক বলেন, আইনানুযায়ী জেলা পরিষদ প্রথমবার গঠনের ক্ষেত্রে সরকার গেজেটের মাধ্যমে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে। এমনকি নির্বাচন পরিচালনার বিধিমালাও সরকার গেজেটের মাধ্যমে করবে। কিন্তু এখন পর্যন্ত¯এ-সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন নির্বাচন কমিশন পায়নি। নির্বাচন পরিচালনার বিধিমালাও কমিশনে যায়নি। তাই এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই।
মোয়াজ্জেম হোসেনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশে মোট ১৬ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৩১২ জনের জন্মনিবন্ধন করা হয়েছে। ২০১৪ সাল পর্যন্ত সময়ে সনাতন পদ্ধতিতে হাতে লেখা ও অনলাইনে এই নিবন্ধন করা হয়। এর মধ্যে ১১ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ৭৪ জনের জন্মনিবন্ধন তথ্য কম্পিউটারাইজড করা হয়েছে। প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ হাজার সনাতন পদ্ধতির জন্মনিবন্ধন তথ্য কম্পিউটারাইজড করা হচ্ছে এবং নতুন তথ্য সরাসরি কম্পিউটারের মাধ্যমে নিবন্ধন করা হচ্ছে।
প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের আগে বিকেল চারটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।