জেলা পরিষদ নির্বাচন করবে না সরকার
জেলা পরিষদের নির্বাচন হচ্ছে না। এমনকি জেলা পরিষদ রাখার প্রয়োজন আছে কি না, সেটিই এখন বিবেচনার বিষয়। এমনটাই ইঙ্গিত দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ডিসিদের সঙ্গে নিজ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জেলা পরিষদের নির্বাচন করার বিষয়ে এখনো কোনো পরিকল্পনা নেই।
পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা বাদে বাকি ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের প্রশাসক নিয়োগ করে সরকার। তখন স্থানীয় সরকার বিভাগসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বলেছিলেন, ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে জেলা পরিষদ গঠন করা হবে। কিন্তু আড়াই বছর পর এখন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচন না করারই ইঙ্গিত দিলেন।
তাহলে জেলা পরিষদ বিলুপ্ত করা হবে কি না—এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে সৈয়দ আশরাফ বলেন, প্রয়োজন আছে কি না, সেটা বিবেচনার দাবি রাখে। বেশি বেশি স্থানীয় সরকার কাজে আসে না। এত সরকার ভালো না। যত সরকার কম, ততই ভালো।
সৈয়দ আশরাফ বলেন, স্থানীয় সরকার সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় ‘সেক্সি’ নয়। এ জন্য প্রচার তেমন হয় না। কিন্তু প্রত্যেক মানুষের এর সঙ্গে সম্পর্ক রয়েছে।
জনপ্রতিনিধিদের বরখাস্তের ক্ষমতা আমলাদের হাতে নয়: এই সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল, বিধিবহির্ভূত ও জনস্বার্থবিরোধী কার্যক্রমের জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বরখাস্ত করার ক্ষমতা মন্ত্রণালয়ের পরিবর্তে বিভাগীয় কমিশনার অথবা স্থানীয় সরকার পরিচালকদের হাতে দেওয়ার। এ বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, ইউপির সদস্য ও পৌরসভার মেয়র... নির্বাচিত প্রতিনিধি। সুতরাং তাঁদের পক্ষ থেকে দাবি থাকে, অন্যায় করলেও বরখাস্তের ক্ষমতা যেন আরেকজন নির্বাচিত প্রতিনিধির হাতে থাকে। বর্তমানে সেটাই আছে। মন্ত্রী এটা নিজে করে থাকেন। আপাতত সেটাই থাকবে।
ওই সভায় পৌরসভা সচিবদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষমতা বিভাগীয় কমিশনারদের হাতে দেওয়া, কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম ইউপি চেয়ারম্যান ও সদস্যদের পুরস্কার এবং ব্যর্থদের জন্য শাস্তির বিধান প্রণয়নসহ মোট ২৭টি প্রস্তাব করেন ডিসিরা। এ বিষয়ে মন্ত্রী বলেন, এ প্রস্তাবের সবগুলো না হলেও বেশির ভাগই যৌক্তিক। পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন করা হবে।
কাজে রাজনৈতিক চাপের অভিযোগ: বৈঠকের সূত্রমতে, যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ডিসিদের পক্ষ থেকে বলা হয়, কাজ করতে গিয়ে তাঁদের অনেক সময় রাজনৈতিকভাবে চাপের মধ্যে পড়তে হয়। এ সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়ে কাজ করার জন্য ডিসিদের বলেন।
এ ছাড়া যোগাযোগমন্ত্রী রমজান ও আসন্ন ঈদের সময় মানুষের চলাচলে যাতে কষ্ট কম হয়, সে ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য ডিসিদের নির্দেশ দিয়েছেন। রাস্তা যাতে দখল এবং অবৈধ নছিমন-করিমন যাতে মহাসড়কে চলতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন তিনি।
ডিসিরা জেলা শহরের যানজট নিরসনের জন্য বাইপাস রাস্তা করা, ঢাকা-আরিচা মহাসড়ক, টঙ্গী-ঘোড়াশাল রাস্তা ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার হতে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রস্তাব দেন।
নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে: বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কেবল রমজান মাসে নয়, সারা বছরই নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে তদারক করার জন্যও বলা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রী এসব কথা সাংবাদিকদের জানান।
শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু যত্রতত্র যাতে শিল্পকারখানা না হয়, সে বিষয়ে ডিসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। এ ছাড়া বিসিক শিল্প এলাকায় প্লট বরাদ্দ নিয়েও যারা শিল্প গড়ে তোলেননি, সেগুলো বাতিল করে নতুন বরাদ্দের সিদ্ধান্ত হয়।
গতকাল পররাষ্ট্র, কৃষি, পরিবেশ ও বন, ভূমি, রেলপথ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, খাদ্য, পার্বত্য চট্টগ্রাম, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান, স্বাস্থ্য এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় মন্ত্রিরা ডিসিদের বিভিন্ন নির্দেশ দেন। ডিসিরাও বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানের প্রস্তাব করেন। আজ শেষ হবে তিন দিনব্যাপী এই সম্মেলন।