জেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুরকে একই ওয়ার্ডভুক্ত করার দাবি
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলাকে একই ওয়ার্ডভুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনেরা। এই দাবিতে তাঁরা গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন করেন।
জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েলের সভাপতিত্বে সমাবেশে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হেকিম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ফতেপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ প্রমুখ।
সমাবেশের আগে জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে সিলেটের স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত জৈন্তাপুর উপজেলার দরবস্ত, ফতেপুর, চিকনাগুল ও জৈন্তাপুর উপজেলা পরিষদকে ৪ নম্বর ওয়ার্ড ও নিজপাট, জৈন্তাপুর, চারিকাটা ইউনিয়নকে কানাইঘাট উপজেলার পাঁচটি ইউনিয়নের সঙ্গে সংযুক্ত করে ১৫ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে। ভৌগোলিক ও ঐতিহাসিক দিক দিয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত উপজেলা জৈন্তাপুর। সিলেটের অধিকাংশ উপজেলায় একটি ওয়ার্ড করা হলেও জৈন্তাপুর উপজেলাকে দ্বিখণ্ডিত করে অন্য উপজেলায় সংযুক্ত করা হয়েছে। এতে জৈন্তাপুর উপজেলা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
পরে আয়োজিত সমাবেশে স্মারকলিপিতে উল্লিখিত বিষয়গুলো উপস্থাপন করে জনপ্রতিনিধিরা বলেন, জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নকে ওয়ার্ডভুক্ত করতে হবে।