জেলা পরিষদ নির্বাচনে পরিচ্ছন্ন ভোট হচ্ছে: সিইসি

দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘কয়েকটি নির্বাচন কেন্দ্রে গিয়েছি। ভালো ও পরিচ্ছন্ন ভোট হচ্ছে।’
প্রথম জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ দেখতে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে সিইসি ঢাকার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।
তিন পার্বত্য জেলা ছাড়া ৬১টি জেলায় সকাল নয়টা থেকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত এ ভোটে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দেবেন। ৬১টি জেলা পরিষদ চেয়ারম্যান পদের মধ্যে ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কয়েকটি জায়গায় ভোট স্থগিত হওয়ার বিষয়ে সিইসি বলেন, অনেক জায়গায় কোর্টের অর্ডার আছে। আর কয়েকটি জায়গায় যাঁরা ভোট দেবেন, তাঁদের মেয়াদ শেষ হয়েছে, নতুনেরা অন্তর্ভুক্ত হননি। এখানে আইনের মারপ্যাঁচ আছে।
সিইসি বলেন, ‘সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যেন মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকতে না পারেন, গোপন কক্ষের ধারে-কাছেও যেতে না পারেন। সাংবাদিকেরদের অনুরোধ, আপনারাও দায়িত্ব পালনে সংযত থাকবেন।’
নারায়ণগঞ্জে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়েছে, এবার পরোক্ষ ভোটে নির্বাচন হচ্ছে, এ নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন—এ প্রশ্নের জবাবে সিইসি সাংবাদিকদের বলেন, ‘এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এর জন্য নতুন আইন করতে হয়েছে, নতুন বিধি করতে হয়েছে। নির্বাচন তো নির্বাচনই। কোনো নির্বাচনকে আমরা ছোট করে দেখছি না। অন্য নির্বাচনের মতো এটাকেও আমরা সমান গুরুত্ব দিয়েছি।’