জেলা পরিষদ নির্বাচনে মাঠে আগ্রহ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচন মাঠপর্যায়ে আগ্রহ তৈরি করতে পারেনি। প্রথমত এই নির্বাচন হচ্ছে পরোক্ষ ভোটে, জনগণের অংশগ্রহণ নেই। এর সঙ্গে বিএনপি, জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি বা ১৪ দলের শরিক দলগুলো চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছে না। এ নিয়ে ক্ষোভ বা সমালোচনা আছে। তবে সরকারি দল আওয়ামী লীগের নেতারা নির্বাচন ঘিরে বেশ তৎপর।
দেশের ১১টি জেলায় প্রথম আলোর প্রতিনিধিরা নির্বাচনের এই চিত্র পেয়েছেন। গত শুক্রবার রাতে আওয়ামী লীগ ৬১ জেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করে। এরপর জামালপুর, বগুড়াসহ কয়েকটি জেলায় প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ঠাকুরগাঁও জেলায় কেবল আওয়ামী লীগের নেতাদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ। সাদেক কুরাইশীকে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। স্থানীয়ভাবে ধরেই নেওয়া হচ্ছে, তিনিই হবেন চেয়ারম্যান। জেলা বিএনপির আহ্বায়ক মো. তৈমুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাজিউর রাজি চৌধুরী নিশ্চিত করেছেন যে তাঁদের দল নির্বাচনে অংশ নিচ্ছে না।
মাগুরায় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রানা আমির ওসমান বলেন, ‘আমরা বুকে পাথরচাপা দিয়েছি। সবার মুখ বন্ধ।’ জেলা বিএনপির সাবেক সভাপতি কবীর মুরাদ বলেন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন সবই সরকারি দল নিয়ে গেছে। তাই এই নির্বাচন অর্থহীন।
যশোরে আওয়ামী লীগের প্রার্থী শাহ হাদিউজ্জামান। বিএনপি ও জাতীয় পার্টি প্রার্থী দেবে না। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতির মধ্য দিয়ে চেয়ারম্যান, মেয়র, সদস্য ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের লোকজনদের বসানো হয়েছে। তাই নির্বাচনে অংশ নিয়ে লাভ নেই।
মৌলভীবাজারে আওয়ামী লীগের সমর্থন দেওয়া হয়েছে বর্তমান জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমানকে। মৌলভীবাজার জেলা কমিটির সদস্য এম এ রহিম প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সাবেক সাংসদ এম এম শাহীন ও সাংবাদিক বকসী ইকবাল আহমদ স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।
পাবনায় দলীয় সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম। তবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন ভোট করবেন বলে জানিয়েছেন।
জামালপুরে আওয়ামী লীগের প্রার্থীর বাইরে জাসদের (ইনু) জুলফিকার মোহাম্মদ জাহিদ ভোট করার ঘোষণা দিয়েছেন।
শরীয়তপুরে আওয়ামী লীগের প্রার্থী সাবেদুর রহমানের বাইরে শরীয়তপুরে আর কোনো প্রার্থীর কথা শোনা যায়নি।
জয়পুরহাটে আরিফুর রহমান আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। আগ্রহ থাকলেও বর্তমান প্রশাসক এস এম সোলায়মান আলীকে দেওয়া হয়নি।
বরিশালে আওয়ামী লীগের প্রার্থী খান আলতাফ হোসেন ছাড়া শক্ত প্রার্থী নেই। বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না।
বগুড়ায় মমতাজ উদ্দিনের নাম শোনা গেলেও আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন মকবুল হোসেন। মমতাজের মনোনয়ন না পাওয়ার কারণ হিসেবে কেউ কেউ বলছেন, বিএনপি-জামায়াতের জনপ্রতিনিধিদের প্রকাশ্য সমর্থনই কাল হয়েছে মমতাজ উদ্দিনের।
কুমিল্লায় নৌবাহিনীর সাবেক প্রধান আবু তাহের আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। তবে সেখানে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা; বরিশাল, বগুড়া ও পাবনা অফিস; প্রতিনিধিদের মধ্যে ঠাকুরগাঁও, মাগুরা, যশোর, মৌলভীবাজার, জামালপুর, শরীয়তপুর ও জয়পুরহাট।