জেলা পরিষদ নির্বাচনে সংখ্যালঘু চেয়ারম্যান দাবি ঐক্য পরিষদের
আগামী জেলা পরিষদ নির্বাচনে জনসংখ্যার অনুপাতে চেয়ারম্যান পদে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
গতকাল শুক্রবার রাজধানীর শহীদ তাজুল মিলনায়তনে পরিষদের কেন্দ্রীয় কমিটির এক বর্ধিত সভা থেকে এ আহ্বান জানানো হয়। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে সরকার যে কঠোর ভূমিকা নিয়েছে, তা-ও অব্যাহত রাখার দাবি জানানো হয় সভায়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী বছরের এপ্রিলের মধ্যে সংগঠনটির নবম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা এবং সাংবিধানিক সম-অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় গত ডিসেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে গৃহীত সাত দফা দাবি আদায়ের আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভাপতিত্ব করেন সাংসদ উষাতন তালুকদার। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন রানা দাশগুপ্ত। আলোচনায় অংশ নেন নিমচন্দ্র ভৌমিক, সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, হিউবার্ট গোমেজ প্রমুখ।