জেলা পরিষদ নির্বাচনে 'ইসির কিছুই করার নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক

সরকারিভাবে গেজেট প্রকাশের আগ পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কিছুই করার নেই। সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব পাওয়া আইনমন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন।
জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলামের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জেলা পরিষদ আইন অনুযায়ী পরিষদ গঠনের জন্য সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যে তারিখ নির্ধারণ করবে সেই তারিখের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন করবে। কিন্তু নির্বাচন কমিশন এমন কোনো প্রজ্ঞাপন পায়নি। নির্বাচন পরিচালনার জন্য বিধি প্রণয়ন করবে সরকার, সেটিও হয়নি।
প্রশ্নোত্তরপর্ব শুরুর আগে বিকেল সাড়ে চারটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
সরকারি দলের ফজিলাতুন্নেসা বাপ্পীর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, উত্সবমুখর পরিবেশে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ২৩৪টি পৌরসভার তিন হাজার ৫৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ৫১টির ভোটগ্রহণ বন্ধ করা হয়েছিল। পরে ওই কেন্দ্রগুলোতেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।
এদিকে, সরকারি দলের দিদারুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের এলাকা থেকে ৯৫ শতাংশ অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে। 

একই দলের শামসুল হক ভূঁইয়ার প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকা করে দেওয়ার জন্য পল্লী অবকাঠামো উন্নয়ন-২ নামে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পে মোট ব্যয় হবে ৬ হাজার ৭৬ কোটি টাকা।
সাংসদ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানী ঢাকার অধিকাংশ ঢাকনা বিহীন ম্যানহোল ইতিমধ্যে মেরামত করা হয়েছে। বাকিগুলো দ্রুত মেরামত করা হবে।
সরকারি দলের আরেক সাংসদ সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, নাগরিক সেবা নিশ্চিত ও কর ফাঁকিরোধে সিটি করপোরেশন এলাকায় অভিন্ন ইনডেক্স নম্বর চালু করা হবে।
তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে এ মন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১ লাখ ৮৫ হাজার ৪৭২ জন সদস্যের মধ্যে সম্পদ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪৮ হাজার ৩০০ জনকে গবাদি পশু, ২১ হাজার ২৫২ জনকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন এবং ১ লাখ ১৫ হাজার ৯২০ জনকে হাঁস-মুরগি, সবজি বীজ ও গাছের চারা দেওয়া হয়েছে।