প্রশাসক নিয়োগের সময় ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যানসহ পূর্ণাঙ্গ জেলা পরিষদ গঠনের কথা বলা হলেও দুই বছরের বেশি সময় পরও নির্বাচনের কোনো উদ্যোগ নেই। কবে নির্বাচন হবে, সে বিষয়েও কোনো আভাস নেই। নির্বাচন না হওয়ায় অনির্বাচিত ও দলীয় ব্যক্তিরাই প্রশাসক হিসেবে জেলা পরিষদ পরিচালনা করছেন। ফলে কোনো জবাবদিহিও নেই।
নির্বাচন কমিশনের সূত্রগুলো জানায়, জেলা পরিষদের নির্বাচনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশনার আবদুল মোবারক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, জেলা পরিষদের নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।
স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে, এভাবে দীর্ঘদিন ধরে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে জেলা পরিষদ পরিচালনা করানো কোনোভাবেই ঠিক নয়। এতে জবাবদিহি থাকে না।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ জেলা পরিষদ করা সাংবিধানিক অঙ্গীকার। কিন্তু এটা না করায় সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। এখন জেলা পরিষদের জন্য আলাদা বাজেট হচ্ছে, কিন্তু ব্যয় হচ্ছে অস্বচ্ছভাবে। তাই নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ করার পাশাপাশি কিছু আইনি সংশোধনও করতে হবে।
পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা বাদে বাকি ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের প্রশাসক নিয়োগ করে সরকার। তখন স্থানীয় সরকার বিভাগসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বলেছিলেন, ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে জেলা পরিষদ গঠন করা হবে। কিন্তু জেলা পরিষদের নির্বাচন করার কোনো উদ্যোগ এখনো নেই।
আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠন করা হবে। চেয়ারম্যান ও এই ২০ জন সদস্যকে নির্বাচন করবেন সংশ্লিষ্ট এলাকার সিটি করপোরেশন (থাকলে), উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা।
জেলা পরিষদ স্থানীয় সরকার বিভাগের অধীন একটি স্তর। স্থানীয় সরকারের অন্যান্য স্তরের (সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) ক্ষেত্রে স্থানীয় সরকারের অনুরোধে নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করে।
জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ্ কামাল গতকাল প্রথম আলোকে বলেন, জেলা পরিষদ নির্বাচনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে পর্যায়ক্রমে হয়তো সব নির্বাচনই হবে। আর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
জেলা পরিষদ আইন অনুযায়ী, ১২টি বাধ্যতামূলক কাজ করবে জেলা পরিষদ। এগুলোর মধ্যে রয়েছে জেলার সব উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা; উপজেলা পরিষদ ও পৌরসভার গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; জনসাধারণের ব্যবহার্থে উদ্যান, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ। এ ছাড়া শিক্ষা, সংস্কৃতি, সমাজকল্যাণ, জনস্বাস্থ্য, অর্থনৈতিক কল্যাণসহ কিছু ঐচ্ছিক কাজও করবে। জেলা পরিষদের চেয়ারম্যান জেলার উন্নয়নমূলক কমিটির সভাপতি। তবে নির্বাচন না হওয়ায় বর্তমানে সরকারের নিযুক্ত প্রশাসকেরাই এই কমিটির সভাপতি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসক থাকলেও জেলার উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে গত দুই বছরে বড় কোনো পরিবর্তন নেই। প্রশাসকেরা মাসে ২৭ হাজার ৫০০ টাকা করে সম্মানী ও আপ্যায়ন বাবদ মাসে আরও তিন হাজার টাকা পাচ্ছেন। প্রশাসকেরা পরিষদের গাড়ি ব্যবহার করছেন। ওই গাড়ির জন্য প্রতিদিন সাত লিটার জ্বালানি পাচ্ছেন। এ ছাড়া গাড়িচালকের বেতনসহ অন্যান্য খাতেও খরচ হচ্ছে পরিষদের টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের সাবেক একজন প্রধান নির্বাহী কর্মকর্তা (বর্তমানে সচিবালয়ে কর্মরত) বলেন, ‘আমি প্রশাসক নিয়োগ হওয়ার আগে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলাম। প্রশাসক নিয়োগ হওয়ার পরও ছিলাম। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে এই দুই সময়ের মধ্যে কোনো পার্থক্য দেখিনি। প্রশাসকের জন্য দামি গাড়ি কেনা হয়েছে। পরিষদের খরচও বেড়েছে। কিন্তু ভালো কিছু হয়নি।’
অবশ্য একটি জেলা পরিষদের প্রশাসক বলেন, তাঁদের অনেক ক্ষমতা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তাঁরা ‘ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দারের’ মতো। নানাভাবে প্রশাসকদের ক্ষমতাহীন করে রাখা হয়েছে। কাজ চাইলে কাজের সুযোগও দিতে হবে।