জেলা পরিষদ নির্বাচনের পরিকল্পনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জেলা পরিষদের নির্বাচন করার বিষয়ে এখনো কোনো পরিকল্পনা নেই। আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

২০১২ সালের ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা বাদে বাকি ৬১টি জেলায় জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন বলা হয়েছিল, ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে জেলা পরিষদ গঠন করা হবে।

সৈয়দ আশরাফ আরও বলেন, বেশি বেশি স্থানীয় সরকার কাজে আসে না। এত সরকার ভালো না। যত সরকার কম, ততই ভালো। তাহলে জেলা পরিষদ বিলুপ্ত করা হবে—এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, ‘প্রয়োজন আছে কি না, সেটা বিবেচনার দাবি রাখে।’

এই সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বরখাস্ত করার ক্ষমতা বিভাগীয় কমিশনার অথবা স্থানীয় সরকার পরিচালকের হাতে দেওয়ার। এ বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, ইউপির সদস্যরা নির্বাচিত প্রতিনিধি। সুতরাং, তাঁদের পক্ষ থেকে দাবি থাকে, অন্যায় করলেও বরখাস্তের ক্ষমতা যেন আরেকজন নির্বাচিত প্রতিনিধির হাতে থাকে। বর্তমানে সেটাই আছে। মন্ত্রী এটা নিজে করে থাকেন। আপাতত এটাই থাকবে।


এই সম্মেলনে ডিসিরা স্থানীয় সরকার সম্পর্কে মোট ২৭টি প্রস্তাব করেন। এ বিষয়ে মন্ত্রী বলেন, এ প্রস্তাবের সবগুলো না হলেও বেশির ভাগই যৌক্তিক। পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন করা হবে।

নিত্যপণ্যের দাম সহ্যের মধ্যে রাখতে বাণিজ্যমন্ত্রীর নির্দেশ

কেবল রমজানে নয়, সারা বছরই নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।


ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী তোফায়েল আহমেদ এই নির্দেশ দেওয়ার কথা সাংবাদিকদের জানান।


তোফায়েল আহমেদ বলেন, নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে তদারকি করার জন্য ডিসিদের বলা হয়েছে। বৈঠকে মুন্সিগঞ্জের গার্মেন্টসপল্লির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে ওই জেলার ডিসিকে।

ঈদের সময় মানুষের চলাচলে কষ্ট লাঘবে ভূমিকা রাখার নির্দেশ

যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রমজান ও আসন্ন ঈদের সময় মানুষের চলাচলে যাতে কষ্ট কম হয়, সে ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন।


এ সময়ে রাস্তা যাতে দখল না হয় এবং অবৈধ নছিমন-করিমন যাতে মহাসড়কে চলতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। একই সঙ্গে রাজনৈতিকভাবে প্রভাবিত না হওয়ারও নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী।


এদিকে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু যত্রতত্র যাতে শিল্প কারখানা না হয়, সে বিষয়ে ডিসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ সম্মেলন শেষ হবে।