জেলা পরিষদ আইন সংশোধন বিল সংসদ থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে বিলটি প্রত্যাহারের জন্য স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একাধিক সদস্য জানান, গতকাল বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে বিলটি প্রত্যাহারের সুপারিশ করা হয়। কমিটির আশঙ্কা, জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব নিলে চেয়ারম্যানের সঙ্গে এলাকার সাংসদদের দ্বন্দ্ব তৈরি হবে। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিলটি প্রত্যাহারের নোটিশ সম্পূরক কার্যসূচি হিসেবে গতকালের দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মূলত সাংসদদের আপত্তিতে সংসদীয় কমিটি জেলা পরিষদ আইন সংশোধনের কাজটি আপাতত স্থগিতের সুপারিশ করেছে। একটি জেলাতে একাধিক সাংসদ আছেন। জেলা পরিষদ গঠন হলে নির্বাচিত চেয়ারম্যান সাংসদদের ওপর খবরদারি করতে পারেন। সে জন্য সাংসদেরা এই বিলটি উত্থাপন না করার জন্য কমিটির কাছে অনুরোধ করেন।
এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির গতকালের বৈঠকে পৌরসভা আইন সংশোধনের জন্য ‘স্থানীয় সরকার (পৌরসভা) বিল ২০১৫’ যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হয়। কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও ফজলে হোসেন বাদশা এবং বিশেষ আমন্ত্রণে আইনমন্ত্রী আনিসুল হক ও আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, জেলা পরিষদ আইন আপাতত পাসের জন্য উত্থাপন না করার সিদ্ধান্ত হয়েছে। তবে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন আইন নিয়ে আলোচনা হয়েছে। কমিটি মন্ত্রণালয়ের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বলেছে, শুধু চেয়ারম্যান ও মেয়র পদে দলীয়ভাবে নির্বাচন হবে। পরিষদের সদস্য বা কাউন্সিলর পদের নির্বাচন হবে নির্দলীয়।
ফজলে হোসেন বাদশা বলেন, এ বিষয়ে তাঁর মত ছিল, একই পরিষদে দুই ধরনের আইন হতে পারে না। এ নিয়ে পরে আদালতে মামলা হলে পুরো নির্বাচনই আটকে যাবে। কিন্তু আইনমন্ত্রী বলেছেন, এ নিয়ে কোনো আইনি জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা নেই।
ইউনিয়ন পরিষদ, উপজেলা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ আইন সংশোধনের জন্য ১১ নভেম্বর স্থানীয় সরকারমন্ত্রী সংসদে বিল উত্থাপন করেন। চারটি বিলেই বলা হয়েছে, চেয়ারম্যান, মেয়র, সদস্য ও কাউন্সিলর পদে দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন হবে। কিন্তু গত রোববার উত্থাপিত পৌরসভা আইন সংশোধন বিলে বলা হয়, মেয়র পদে দলীয়ভাবে এবং কাউন্সিলর পদে বিদ্যমান পদ্ধতি, অর্থাৎ নির্দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে গতকালের বৈঠকে কমিটি ইউনিয়ন পরিষদ, উপজেলা ও সিটি করপোরেশন আইন পৌরসভা আইনের অনুকরণে করার সুপারিশ করেছে।