জেলা পরিষদ শক্তিশালী করা হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৬৪টি জেলাকে পৃথক রাষ্ট্রের মতো করে গড়ে তোলা হবে। সে জন্য জেলা পরিষদকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জেলা পরিষদকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ২০১৮-১৯ সালের মধ্যে ১ কোটি ৪৫ লাখ দক্ষ জনশক্তি গঠনের কাজ চলছে। কেন্দ্রীয় আমলাতন্ত্রকে সংকুচিত করে জেলায় জেলায় পাঠিয়ে স্থানীয় সরকার পরিষদে পদায়ন করে পরিষদের ক্ষমতা বাড়ানো হবে। প্রতি জেলায় ২০-২২ লাখ মানুষ আছেন। দেশকে উন্নয়নের পথে নিতে ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অন্য জেলা শহর নিয়ে সরকারের নতুন পরিকল্পনা আছে।
সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে অনেক বাধাবিপত্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে সরকারের বড় প্রকল্পগুলোতে অর্থ বরাদ্দের বিস্তারিত বিবরণ থাকবে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারকে বড় ধরনের বৈদেশিক ঋণের পথে হাঁটতে হবে। তিনি বলেন, ১০ থেকে ১৪ শতাংশ মানুষ সব সময়ই রাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকে। সরকারের বাণিজ্যের কলেবর হবে জাতীয় আয়ের অর্ধেক। এতে দারিদ্র্য থাকবে না।
অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে ৩ বিলিয়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২ বিলিয়ন, মহেশখালী পাওয়ার প্ল্যান্টে ৩ বিলিয়ন, মেট্রোরেল প্রকল্পে ২ বিলিয়ন ও পায়রা সমুদ্রবন্দরে ৫ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। উচ্চাভিলাষী এ লক্ষ্য বাস্তবায়নে সরকারকে সতর্কভাবে এগোতে হবে। তিনি বলেন, বাজেট বাস্তবায়নে দক্ষতা বাড়লেও তা যথাযথ নয়। এখন ৯৩-৯৫ শতাংশ হলেও তা গ্রহণযোগ্য নয়।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, মেহজাবিন খালেদ, মামুনুর রশীদ, গোলাম রাব্বানী, আক্তার জাহান প্রমুখ।