জেলা পরিষদকে গ্রামীণ উন্নয়নের কেন্দ্রবিন্দু বানাতে চান সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ সালাম
এম এ সালাম

জেলা পরিষদকে গ্রামীণ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান চেয়ারম্যান এম এ সালাম। চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত এই চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ করার পাশাপাশি তৃণমূলের মানুষের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি। গতকাল রোববার দুপুরে নগরের জামালখানে চিটাগাং সিনিয়র ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জন অধিকারী। এ সময় জেলা পরিষদের নির্বাচিত ১৯ জন সদস্য উপস্থিত ছিলেন।
এম এ সালাম বলেন, গত পাঁচ বছর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সবার মতামত ও পরামর্শ নিয়েছেন। স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে উন্নয়নসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করার স্বার্থে আগামী দিনেও একই ধারাবাহিকতা বজায় রাখবেন। জেলা পরিষদের বিভিন্ন কাজের টেন্ডারসহ উন্নয়ন কর্মকাণ্ডে কাউকে কোনো অনিয়ম করতে দেওয়া হবে না বলে জানান তিনি।